তাঁরা নতুন, দুর্নীতি শেখেনইনি: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় আসার প্রায় এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এবার আমি আওয়ামী লীগের অনেক নেতাকে মন্ত্রিসভায় রাখিনি। এর পরিবর্তে আমি নতুনদের নিয়েছি। কারণ, তাঁরা দুর্নীতি শেখার মতো সময় পাননি।’উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তা অনুযায়ী, ২০০৯ সালের ৫ নভেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে এসব কথা বলেছিলেন শেখ হাসিনা। ৯ নভেম্বর ওয়াশিংটনে পাঠানো হয় তারবার্তাটি।প্রধানমন্ত্রী ও তাঁর কয়েকজন উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূতকে আরও বলেন, নতুন মন্ত্রীরা যথেষ্ট অর্থবিত্তের মালিক। তাঁদের কেউ ব্যারিস্টার, কেউ পিএইচডি ডিগ্রিধারী। কাজেই তাঁদের দুর্নীতি করার প্রয়োজন নেই বা দুর্নীতি করতে জানেন না।তারবার্তা অনুযায়ী, রাষ্ট্রদূতের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের সময় অন্যদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। আলোচনায় বিমানের জন্য উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি উঠলে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বোয়িং কোম্পানির উড়োজাহাজ বিক্রির বিষয়ে আবারও আশ্বস্ত করেন। মোল্লা এ সময় প্রধানমন্ত্রীকে বলেন, এর সঙ্গে সম্পর্কিত উড়োজাহাজ ইজারা নেওয়ার চুক্তিটি না-ও হতে পারে। কারণ, বোয়িংয়ের লিজিং এজেন্ট ইউরো-আটলান্টিক নতুন করে শর্ত দিয়েছে। সচিবের এ কথার জবাবে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, নভেম্বরের মধ্যে বিমানটির সরবরাহ হতেই হবে, তা না হলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের অধিকার হারাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-নিউইয়র্ক পথে যদি বিমান চালানো না যায়, তাহলে বোয়িং কিনে কী হবে?তারবার্তার এ পর্যায়ে মার্কিন রাষ্ট্রদূত মন্তব্য হিসেবে লেখেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি (রাষ্ট্রদূত) ওয়াহিদুজ্জামান মোল্লাকে মোটেও বিশ্বাস করেন না। তিনি নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে চুক্তিটি বানচালের চেষ্টা করে যাচ্ছেন। সন্ত্রাসবাদবিরোধী একটি প্রশিক্ষণে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়ে মোল্লা ওয়াহিদুজ্জামানের তাতে অনুপস্থিত থাকার কথাও বার্তায় উল্লেখ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ওই কাজ বাদ দিয়ে সচিব নিউইয়র্কে ভাইয়ের সঙ্গে সময় কাটান।দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল বিএনপি সংসদে আসতে চাইছে না। এর মানে তারা অপেক্ষায় আছে নতুন কিছু ঘটতে পারে। আগামী ডিসেম্বরে বিডিআর বিদ্রোহের মতো কিছু ঘটতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি।’সংসদে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর দলের সাংসদদের অনমনীয় মনোভাবের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না।’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গতকাল যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা অস্বীকার করেন। সচিব প্রথম আলোকে বলেন, ‘বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার চুক্তি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলেই হয়েছে। কাজেই ২০০৯ সালে এসে এ নিয়ে আলোচনা বা এ বিষয়ে আমার বিরোধিতা করার প্রশ্নই আসে না। রাষ্ট্রদূত তারবার্তায় যে কথা লিখেছেন, তা পুরোপুরি ভিত্তিহীন।’ওয়াশিংটনে সফরে গিয়ে নির্ধারিত অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়টি স্বীকার করে ওয়াহিদুজ্জামান বলেন, তিনি গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কে ভাইয়ের কাছে চলে যেতে বাধ্য হয়েছিলেন। বিষয়টি তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছিলেন।