তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন, এটাই আমার স্বস্তি—মুহম্মদ জাফর ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে হত্যার অভিযোগ ছিল দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে। প্রমাণিত হয়নি বলে এ অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। কিন্তু তাতে খেদ নেই লেখক-শিক্ষক মুহম্মদ জাফর ইকবালের।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে জাফর ইকবাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বাবাকে হারানোর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি জানি, স্বজন হারানোর বেদনা কত তীব্র, কতটা অসহনীয়। সাঈদীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো আমি পড়তেও পারছিলাম না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ভুক্তভোগী পরিবারগুলো না জানি কত ভয়াবহ কষ্ট, কত অসহনীয় যন্ত্রণার মধ্যে দিন যাপন করছেন। আমার বাবা হারানোর কষ্টের চেয়ে তাঁদের দুঃখকষ্ট কোনো অংশে কম নয়। আজ তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন—এটাই আমাকে স্বস্তি দিচ্ছে।’তরুণদের এই প্রিয় লেখক বলেন, ‘আমি অভিনন্দন জানাই তরুণ প্রজন্মকে। জামায়াত-শিবির যখন সন্ত্রাসী আক্রমণ-আস্ফাালন করছিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে, তখন আমরা শঙ্কা বোধ করলাম, তাহলে কি আমরা ন্যায়বিচার পাব না? তরুণসমাজ ন্যায়বিচারের ক্ষেত্রটা প্রস্তুত করেছে। তারা অভয়ের পরিবেশ তৈরি করেছে। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন।’এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘আমার বাবা শহীদ হওয়ার বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের বাড়িতে তদন্ত সংস্থার লোক গিয়েছিলেন। আমরা তাঁদের তথ্য দিয়ে সহায়তা করেছি। কিন্তু ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে কিংবা আম্মাকে ডাকা হয়নি। ডাকলে নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে যেতাম।’