তাঁরা ফোটান গ্লাডিওলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিকরগাছার গদখালী বাজার থেকে আধা কিলোমিটারের মতো ভেতরে ঢুকে চোখ আটকে গেল। সূর্য তখন মধ্য গগনে। যদিও সময়টা ছিলহেমন্তকাল, তবু তেজ কম নয়। রাস্তা থেকে কিছুটা দূরে বড় একটি খেতে কাজ করছে কিছু শ্রমিক। তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন নারী, যাঁরা মাথায় ঘোমটা টেনে নিবিষ্ট মনে ঝরঝরে মাটিতে গ্লাডিওলাসের কন্দ রোপণ করছিলেন। দূর থেকে দৃশ্যটি দেখে দারুণ লাগল। কাছে গিয়ে কথা বলতে চাইলেই তাঁদের সলজ্জ হাসি। তাঁরা সবাই গাঁয়ের বধূ। কেউ এই পানিসারা গ্রামের, আবার কেউ পাশের গ্রাম নীলকণ্ঠনগরের বা পটুয়াপাড়ার। সূর্য ওঠার আগেই তাঁদের দিন শুরু হয়। ভোর পাঁচটায় বা তারও আগে। শীত, গ্রীষ্ম ও বর্ষা সব সময় একইভাবে, অভিন্ন সময়ে। সারা বছরই কাজ থাকে। কখনো এ মালিকের অধীনে, কখনো বা আরেক মালিকের। অনেকেরই দুই-তিনটে গরু আছে। আছে নিজেদের বাচ্চাকাচ্চা। গরুকে খাবার দিয়ে, নিজের বাচ্চাদের জন্য ভাত রান্না করে তারপর মাঠে আসতে হয়। ভোর থেকে সকাল, সকাল থেকে দুপুর পর্যন্ত নানা ধরনের কাজ—জমি তৈরি, কন্দ রোপণ, পানি দেওয়া, আগাছা পরিষ্কার, ফুল কাটা। পুরুষ সহকর্মীরা ফাঁকে একটু জিরিয়ে নেন তাল-মেহগনি গাছের নিচে। বিড়িতে দুটো টান মারেন। কিন্তু নারীশ্রমিকদের কোনো জিরোনো নেই, ফাঁকি নেই। ঝাড়া ছয় ঘণ্টা কাজ। জিরোতে না পেরে কোনো খেদ নেই তাঁদের। তবে নীলকণ্ঠনগরের সালেহা বেগম, নবিছন আর পটুয়াপাড়ার রাবেয়া বেগমের কণ্ঠে ক্ষোভ ঝরে পড়ল অন্য একটি ব্যাপারে। একই জমিতে, পাশাপাশি অভিন্ন সময় কাজ করেন তাঁরা। পুরুষশ্রমিকের বেতন দিনে ১৫০ টাকা, কিন্তু তাঁদের ৫০ টাকা কম, ১০০ টাকা। সালেহা, নবিছনরা এ নিয়ে কথা বললেও অনেকেই কথা বলতে চান না। তাঁরা এই বৈষম্য মেনে নিয়েছেন। তাঁদের কথা, ‘যা পাই তা-ই ভালো।’ জমির মালিক পাশেই ছিলেন। তাঁর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা বেশি দূর এগোল না। ‘মহিলাগে বেতন কমই অয়।’ এ রকম কিছু একটা বলে দূরে সরে গেলেন তিনি। তবে এই বৈষম্য হয়তো বেশি দিন আর চলবে না। ফুলখেতে কর্মরত নারীশ্রমিকদের সংগঠিত করছেন এক নারী, নাসরিন নাহার আশা, যিনি ওই অঞ্চলে ‘ফুলের রানি’ নামে পরিচিত। নাসরিন নাহার গদখালী ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিমের স্ত্রী এবং ওই সমিতিরই একজন সাধারণ সদস্য। বছর খানেক আগে নারীশ্রমিকদের নিয়ে তিনি একটি সংগঠন করেছেন। নাম উইমেন্স ফ্লাওয়ার অ্যান্ড এগ্রিকালচার ফাউন্ডেশন। এখন পর্যন্ত ৪১ জন নারীকে তাঁরা এই সংগঠনের সদস্য করতে পেরেছে। তাঁর পর্যবেক্ষণ হলো, নারীশ্রমিকেরাই কাজ বেশি করেন। কাজের প্রতি তাঁদের আন্তরিকতাও বেশি। অথচ তাঁদের দুই ঘণ্টার শ্রমের মূল্য থেকে বঞ্চিত করা হয়। তবে নারীশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি এখনো তিনি তোলেননি। নাসরিন মনে করেন, আগে নারীশ্রমিকদের দক্ষতা বাড়ানো দরকার, তারপর মজুরি বাড়ানোর দাবি তোলা সঠিক হবে। গদখালী বাজারে সমিতির অফিসে মাসে দুবার তাঁদের নিয়ে বসেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত যাঁরা খেতে কাজ করেন, বিকেলে তাঁদেরই তিনি ফুল বান্ডেল, প্যাকেজিংয়ের প্রশিক্ষণ দিচ্ছেন। মালা গেঁথে, প্যাকেজিং করেও তাঁদের আয় হচ্ছে। নাসরিন মনে করেন, দক্ষতা বাড়ানোর ভেতর দিয়ে নারী একদিন নিজের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে উঠবে।একই, সমান কাজ করেও পুরুষশ্রমিকের তুলনায় নারী কৃষিশ্রমিকের মজুরিতে এত বৈষম্য কেন, গত ১ ডিসেম্বর রাতে মুঠোফোনে এ প্রশ্নটি রেখেছিলাম উবীনিগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের কাছে। প্রথমত, তিনি তাঁদের কৃষিশ্রমিক মনে করেন না। কারণ, এই নারীরা ঘরে কাজ করেন, মাঠে করেন, তাঁরা প্রকৃত কৃষক। নয়াকৃষি আন্দোলনের অন্যতম এই সংগঠক মনে করে, ‘বেতন বৈষম্য দূর করার দাবি মুখ্য নয়, নারীকৃষকদের এমনভাবে সংগঠিত করা উচিত, যাতে তাঁরা কোনো একটি বিশেষ সংগঠনের ওপর নির্ভরশীল না থেকে, তাঁদের দাবি-দাওয়ার কথা নিজেরাই বলতে পারেন। তাঁরা নিজেরাই তথ্য বিনিময় করবেন, মতামত আদান-প্রদান করবেন। এভাবে তাঁরা শক্তিশালী হবেন। তখন তাঁরাই বৈষম্যমূলক প্রথা বা আচরণকে রুখে দেবেন।’ফিরে যাই পানিসারা গ্রামের গ্লাডিওলাস খেতে। ক্যামেরা অন করতেই সলজ্জ হাসিতে প্রকৃতিতে আনন্দবার্তা ছড়িয়ে দিলেন এক নারী, যিনি বলছিলেন, আর কিছু টাকা জমলেই একটা ‘দুধেল গরু’ কেনার কথা। তাঁর ইচ্ছার জয় হোক।