নন্দিত লেখক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করে অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘বাংলা সাহিত্য আজ দুই প্রথিতযশা লেখককে হারাল। এ ক্ষতি অপূরণীয়। এই দুই লেখককে হারিয়ে বাংলা সাহিত্য পঙ্গু হয়ে গেল। আমাদের শূন্য করে গেল। অথচ, এই দুই লেখকের বাংলা সাহিত্যে আরও দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারলেন না। চলে গেলেন।’ স্মরণসভায় কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বাংলা সাহিত্যের এই দুই দিকপাল দুই দেশে কত যে জনপ্রিয় ছিলেন, তার ছবি ফুটে উঠেছে তাঁদের মৃত্যুর পর। শোকসভায় বাঁধভাঙা মানুষের মিছিল প্রমাণ করে দিয়েছিল, তাঁরা মরেন না, বেঁচে থাকেন। বেঁচে থাকবেন।’ কলকাতায় আয়োজিত পাঁচ দিনের বাংলাদেশ বইমেলার চতুর্থ দিনে গতকাল রোববার সদ্যপ্রয়াত দুই বাংলার দুই প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয় কলকাতার নোটারি সদন মিলনায়তনে। স্মরণসভায় যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, বিশিষ্ট লেখক আনিসুল হক, কলকাতার কবি প্রসূণ ভৌমিক, সাংবাদিক দেবাশীষ মিত্র, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। কলকাতার ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টার ও বাংলাদেশ উপহাইকমিশন যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে। আজ সোমবার শেষ হচ্ছে বইমেলা।