তাঁরা ভাবতেই পারছেন না মেজবাহ কোপাতে পারেন!
আমার বাবা এ খবর পেয়ে বেশ ভেঙে পড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে আমার দুই ভাই বারবার ফোন করছেন। আমার ভাই এ ধরনের কাজ করতে পারে, তা কল্পনাও করতে পারছি না।’এ কথা বলে আক্ষেপ করেছেন বুয়েটের শিক্ষার্থী আরিফ রায়হানকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া অপর শিক্ষার্থী মেজবাহ উদ্দিনের এক ভাই। আজ বৃহস্পতিবার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ের সামনে প্রথম আলো ডটকমের সঙ্গে কথা তাঁর। সঙ্গে ছিলেন তাঁর এক ভগ্নিপতি।নাম প্রকাশ না করা ওই ভাই আরও বলেন, ‘আমাদের পুরো পরিবার থমকে গেছে। মেজবাহ যদি এই হামলা করে থাকে, তাহলে এ কাজে কেউ উত্সাহ জুগিয়েছে। পুরো ঘটনায় আমাদের পরিবারে একটি কালো দাগ পড়ে গেছে।’তাঁদের ভাষ্য, তাবলিগ জামাতের সঙ্গে জড়িত মেজবাহকে এ ধরনের কাজ করতে কেউ উত্সাহ দিয়েছে বা প্ররোচিত করেছে।মেজবাহর বোন আসমা খাতুনের স্বামী প্রকৌশলী আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বুধবার তাঁরা প্রথম জানতে পেরেছেন, মেজবাহকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। তবে ৯ এপ্রিল দীপের ওপর হামলার পরও তাঁদের সঙ্গে যোগাযোগ করেন মেজবাহ। তবে এর সঙ্গে তিনি যে জড়িত, তা বুঝতেই পারেননি তাঁরা।আশরাফুজ্জামান জানান, সাবেক সরকারি কর্মকর্তা মফিজুর রহমানের ১৩ সন্তানের মধ্যে মেজবাহ নবম। অবসর নেওয়ার পর এখন মুন্সিগঞ্জ জেলায় বসবাস করছেন তিনি। মফিজুর রহমানের সাত ছেলের মধ্যে চারজন প্রকৌশলী। তাঁদের দুজন এখন যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। দুজন চিকিত্সাবিদ্যায় পড়ছেন। এ ছাড়া মেজবাহর ছয় বোনই স্নাতকোত্তর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল অর্জন করে ২০০৭ সালে বুয়েটে ভর্তি হন মেজবাহ।মেজবাহর ভাই প্রথম আলো ডটকমকে জানান, মেজবাহ যে ফরিদাবাদ মাদ্রাসার মাওলানা আবু সাইদের কাছে যেতেন, তা তাঁরা বুঝতে পেরেছিলেন। এরপর তাঁকে ওই পথ থেকে সরানোর চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে মেজবাহ সেখানে না যাওয়ার ব্যাপারে কথাও দিয়েছিলেন তাঁদের।ভাইটির ভাষ্য, মেজবাহকে ধর্মপরায়ণ বলে জানতেন তাঁরা। শুধু মেজবাহ নন, তাঁদের পুরো পরিবারই ধর্মকর্ম করেন। তবে তাঁরা কেউ রাজনীতি বা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তিনি।