তাঁরা ম্লান তাঁরা আলোকময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার খেলছেন তাঁর ষষ্ঠ বিশ্বকাপ। জ্যাক ক্যালিস পঞ্চম। ভারতের এই বিশ্বকাপ টেন্ডুলকারের আলোয় আলোকিত হবে ভেবে রেখেছিল সবাই। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপও ক্যালিসের আলোয় উজ্জ্বল হবে প্রোটিয়াদেরও ছিল এই ভাবনা। তবে বিশ্বকাপ যতটুকু এগিয়েছে, তাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই মহানায়কের পথটা হয়ে গেছে দুই রকমের। টেন্ডুলকার আলো ছড়াতে পারলেও ক্যালিসের বিশ্বকাপ কেমন যেন ফিকে।এ পর্যন্ত ৪ ম্যাচ খেলেছেন টেন্ডুলকার। ৫৩.২৫ গড়ে ২১৩ রান, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেছেন। হল্যান্ডের বিপক্ষে যদিও মাত্র ২৭ রান করেছেন, তবু এই রান করার পথেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপে ২ হাজার রানের মাইলফলক। বিশ্বকাপে বরাবরের মতোই দেদীপ্যমান টেন্ডুলকার।ক্যালিস বিশ্বকাপে এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে। ১০৪*, ১, ৮৫, ৩১, ৫১, ৫৭, ৬৬*, ০, ১৫, ৮৩—এই হলো বিশ্বকাপে মঞ্চে আসার আগে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের সর্বশেষ ১০টি ইনিংস। অতি প্রত্যাশার চাপেই কিনা, বিশ্বকাপে এসে ফর্মের ফানুস কেমন চুপসে গেছে ক্যালিসের। ৩ ম্যাচ খেলে ১৫ রান—ক্যালিসের নামের পাশে সংখ্যাটা একেবারেই বেমানান।ক্যালিস পারছেন না, তবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ-যাত্রা আলোকিত করে যাচ্ছেন হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহিররা। আমলা-ভিলিয়ার্সরা ব্যাট হাতে, আর বল হাতে ইমরান। ডি ভিলিয়ার্স তো দুর্দমনীয়। ৩ ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ২৬৬ রান করে ফেলেছেন তিনি। আমলা একটি সেঞ্চুরিসহ করেছেন ১৬৯ রান। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে ইমরানের। তবে তাঁর বোলিং দেখে একবারও তা মনে হওয়ার উপায় নেই। ৩ ম্যাচে ১১ উইকেট এই লেগ স্পিনারের।বিশ্বকাপকে আলোকিত করার প্রত্যয় নিয়ে এসেছিলেন আরও কজন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে কিছু একটা করতে চেয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। দেশের মাটিতে পরিচিত উইকেটে প্রতিপক্ষকে ঘূর্ণিপাকে ফেলার প্রত্যয় ছিল হরভজনের। পিটারসেন-গেইলরা চেয়েছিলেন ব্যাটের শাসন প্রতিষ্ঠা করতে।হরভজন একেবারেই ব্যর্থ। ৪ ম্যাচে মাত্র ২টি উইকেট তাঁর এখন পর্যন্ত। শাসন করবেন কী, বোলারদের কাছে নিজেরাই শোষিত হয়েছেন গেইল-পিটারসেন। ৩ ম্যাচে ১১৯ রান অন্তত তাঁর নামের সঙ্গে যায় না। গেইল হয়তো এটা পরে পুষিয়ে দিতে পারেন। কিন্তু ব্যর্থ পিটারসেন হার্নিয়ার সমস্যায় বিশ্বকাপকে বিদায় জানিয়ে চলে গেছেন দেশে। বিশ্বকাপটা তাঁর কাছে তাই আক্ষেপেরই নাম হয়ে থাকল। মুরালিধরন অবশ্য পরশু জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর নিজের মাঠে ৩টি উইকেট নিয়েছেন। এই নিয়ে ৫ ম্যাচে ৭ উইকেট তাঁর। শেষ বিশ্বকাপ খেলতে আসা আরেকজন স্টিভ টিকোলো তো নিজেকে খুঁজেই পেলেন না একটিবারের জন্যও। নিজেকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুলও। এই বিশ্বকাপটা তাঁর জন্য ছিল কিছু সমালোচনার জবাব দেওয়ার। সুযোগ পাওয়া ২ ম্যাচে ১২ রান করে উল্টো সমালোচনার বোঝা আরও ভারী করেছেন। আফ্রিদিরও মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। বোলিং দিয়ে পাকিস্তানকে রাঙাচ্ছেন তিনি, ৪ ম্যাচে ১৫ উইকেট পেয়ে পরশু পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিও ছিলেন তিনিই। তবে এই রাঙা রঙে ম্লান ছোপ তাঁর ব্যাটিং। মাত্র ৬০ রান করেছেন ৪ ম্যাচে। ব্যাট হাতে জ্বলে ওঠার কথা ছিল আরও দুই অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার পন্টিং তা পারেননি। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস কিন্তু ঠিকই জ্বলে উঠেছেন ব্যাট হাতে।তবে ব্যাট-বল দুটোতেই বিশ্বকাপটাকে রঙিন করে নিচ্ছেন দুজন—যুবরাজ সিং ও তিলকরত্নে দিলশান। ৪ ম্যাচে ১৫৯ রান করেছেন যুবরাজ। এক ম্যাচে ৫ উইকেটসহ ৭টি উইকেটও পেয়েছেন। দুটি ম্যাচে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আর দিলশান ৫ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৫৬.৬০ গড়ে ২৮৮ রানের পাশে নিয়েছেন ৪টি উইকেটও। তাঁরই সতীর্থ লাসিথ মালিঙ্গা চোট কাটিয়ে মাঠে ফিরেই বিশ্বকাপ রাঙিয়েছেন হ্যাটট্রিক দিয়ে। তারকারা কেউ জ্বলছেন, কেউ এখনো আলো ছড়াতে পারেননি। তবে সামনের ম্যাচগুলোতে তাঁদের আলোকিত পারফরম্যান্স না হলে বিশ্বকাপ জয়ের আশা দূরে সরে যাবে। সামনেই যে ‘মারো, নয় মরো’ ম্যাচে, মানে নকআউট পর্ব!