তাঁরা শহরে থাকেন তাই এত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের গৃহবধূ আকলিমা খানম তাঁর সর্দি-জ্বরে আক্রান্ত এক বছরের শিশুকে নিয়ে গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় স্থানীয় কালীনগর বাজারে অবস্থিত কামারখোলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে আসেন। কিন্তু কেন্দ্রটি বন্ধ থাকায় তিনি সন্তান কোলে নিয়ে সামনের মাঠে দাঁড়িয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর মতো একই উদ্দেশ্যে অপেক্ষায় ছিলেন গৃহবধূ রানী আক্তার, শেফালী মণ্ডল, দীপ্তি হালদারসহ বেশ কয়েকজন।তাঁরা জানান, এ ধরনের অপেক্ষার ঘটনা নতুন কিছু নয়, প্রায় প্রতিবার এসেই এ অবস্থার মধ্যে পড়তে হয়। মাঝেমধ্যে তো তাঁরা আসেনই না, অপেক্ষা করে ফিরে যেতে হয় বলে। এতে যে কাজে আসা হয়, তা যেমন হয় না, অন্যদিকে সাংসারিক কাজে মারাত্মক ক্ষতি হয়। কোনো দিনই সময় মতো কেন্দ্রটি খোলা পাওয়া যায় না।খোঁজ নিয়ে যানা যায়, শুধু এই একটি কেন্দ্রই নয়, খুলনা জেলায় এ ধরনের ৪৭টি কেন্দ্রের অধিকাংশই সরকারনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে না। কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা যে যার খেয়াল খুশিমতো সময়ে কেন্দ্রে আসা-যাওয়া করেন। অথচ সরকারি নির্দেশ অনুযায়ী, এই কেন্দ্রগুলোর অফিসসূচি সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গ্রাম পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়ের সেবা, যুবস্বাস্থ্য, স্বাস্থ্য ও প্রতিরোধমূলক রোগ বিষয়ে শিক্ষাদান এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সেবা দিতে খুলনা জেলার ইউনিয়ন পর্যায়ে ৪৭টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কেন্দ্রগুলোর নিয়ন্ত্রক।প্রতিটি কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (এসএসিএমও), একজন পরিবারকল্যাণ পরিদর্শিকাসহ (এফডাব্লুভি) পাঁচজন কর্মচারী নিয়োগ দেওয়া আছে। এর মধ্যে এসএসিএমও ও এফডাব্লুভিদের অধিকাংশই মূলত খুলনা শহরাঞ্চলে এবং সামান্য কয়েকজন উপজেলা সদরে বসবাস করায় প্রতিদিনই দেরিতে পৌঁছান। এ কারণে অঘোষিতভাবেই কেন্দ্রগুলোর অফিসসূচি বেলা ১১টা বা দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা হয়ে যায়! কোনো কোনো দিন তাঁরা বেসরকারি (!) ছুটিও ভোগ করে থাকেন।গত ২৯ নভেম্বর বেলা ১১টায় খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে কেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। ঘণ্টাখানেক অপেক্ষার পর আসেন এসএসিএমও আবু জাফর। দেরিতে আসার বিষয়ে তিনি বলেন, শহরে থাকার কারণে সামান্য দেরি হয়েছে। এমন দেরি প্রতিদিন হয় না।কেন্দ্রে উপস্থিত কালীনগরের ফয়জুল হোসেন বলেন, এই কেন্দ্রটি কখনোই বেলা ১১টার আগে খোলা হয় না। চিকিৎসকেরা শহর থেকে আসেন। দেরি তো হবেই। এখানে পরামর্শ নিতে এলে দিন মাটি হয়ে যায়। গৃহবধূ সাধনা চক্রবর্তী বলেন, সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতে কোনো কাজ থাকে না। কিন্তু এ সময় কেন্দ্রে এসে কাউকে পাওয়া যায় না। আবার বেলা ১১টার পর কেন্দ্রে এলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে দুপুর গড়িয়ে যায়। তখন গিয়ে দুপুরের খাবার জোগাড় করতে বিকেল হয়ে যায়। এ কারণে অনেক সময় প্রয়োজন থাকা সত্ত্বেও পরামর্শ নিতে কেন্দ্রে আসা হয়ে ওঠে না।২৩ নভেম্বর সকাল সোয়া নয়টায় তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে এমএলএসএস বশির আহম্মেদ ও নৈশপ্রহরী মোস্তফাকে পাওয়া যায়। অন্যরা তখনো আসেননি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও অন্য কাউকে পাওয়া যায়নি। তাঁরা জানান, চিকিৎসকেরা খুলনা থাকেন বলে মাঝেমধ্যে আসতে একটু দেরি হয়। এই কেন্দ্রে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে পরামর্শ নিতে আসা হুমায়রা খাতুন বলেন, ‘সকাল সাড়ে আটটায় এসেছি। সোয়া এক ঘণ্টা বসে থেকে (পৌনে ১০টায়) ডাক্তার আপা না আসায় ফিরে যেতে হচ্ছে। কারণ ছেলেকে ঘরে একা রেখে এসেছি।’একই দিন বেলা দেড়টায় দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি বন্ধ পাওয়া যায়। বন্ধ থাকার বিষয়ে স্থানীয় আজমল শেখ বলেন, ‘শুনেছি উপজেলায় কী কাজ আছে, সবাই সেখানে গেছে।’ চিকিৎসার জন্য এসে কেন্দ্রের সামনের দোকানে বসে থাকা আজগড়া গ্রামের সেনহাটির জয়নাব বেগম জানান, ২১ নভেম্বর এসেও কেন্দ্রটি বন্ধ পেয়েছেন। সংসার ফেলে এভাবে বারবার আসা কঠিন কাজ। স্থানীয় ফোরকান মিয়া বলেন, ‘কেন্দ্রটি খোলা আছে, এমন দৃশ্য দেখা যায় না। সব সময়ই তো বন্ধ থাকতে দেখি। দূর-দূরান্ত থেকে গ্রাম্য বধূরা এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যান। এ নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অনেক বলেছি, কিন্তু কাজ হয়নি।’পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহজাহান হাওলাদার প্রথম আলোকে বলেন, ৪৭টি কেন্দ্রই সরকারনির্ধারিত সময়ে খোলা ও বন্ধ হওয়ার কথা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর সরকারনির্ধারিত অফিসসূচি সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা। গ্রামের মানুষের সুবিধার্থে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারনির্ধারিত অফিসসূচি অনুযায়ী কেন্দ্রগুলো পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কাজই থাকুক না কেন, কেন্দ্র বন্ধ রাখা উচিত নয়।