তাঁরাই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অর্থ পাচারকারী (বিমানবালা) ধরা পড়েছেন। তল্লাশি চালিয়ে এসব অবৈধ অর্থ উদ্ধার করেন বিমানবন্দরে অবস্থানরত নারী নিরাপত্তাকর্মীরা। তাঁরা একটি বিশেষ ইউনিটের সদস্য। এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তাঁরা। বলছিলাম বাংলাদেশের প্রথম নারী পুলিশ ইউনিটের কথা। ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত বাহিনীর একটি বিশেষ ইউনিট। এটি নারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ৩৭১ জনের এই ইউনিটের প্রত্যেক সদস্য নারী। বাংলাদেশ পুলিশের এই বিশেষায়িত বাহিনীতে এটিই প্রথম নারী ইউনিট। ২১ জুন এই ব্যাটালিয়নের যাত্রা শুরু। এসমোতারা বেগম এই ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত। ছোটবেলা থেকে পুলিশের পোশাক তাঁকে খুব আকর্ষণ করত। তিনি বলেন, ‘খুব গর্ব বোধ করছি এই ইউনিটে থাকতে পেরে। সবাইকে বলতে পারব, আমি প্রথম ব্যাটালিয়নে ছিলাম। এখন দায়িত্ব বেড়ে গেল। দেশের জন্য আরও ভালো কাজ উপহার দিতে হবে।’ প্রায় দুই বছর ধরে কাজ করছেন সালমা খাতুন। তাঁর মতে, ‘এসব নারী পুলিশ সদস্যকে আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া উচিত। বিশেষ করে, তাঁদের আবাসনের যে সংকট তা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ উত্তরার এপিবিএন কেন্দ্রের মাঠে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ২৩ জুন সকালে গিয়ে দেখা গেল, এই ব্যাটালিয়নের নারী পুলিশ সদস্যরা শরীরচর্চা করছেন। সেখানেই কথা হলো তাঁদের সঙ্গে। এ ব্যাটালিয়নের কনস্টেবল শাহনাজ পারভীন মনে করেন, ‘নারীরা অনেক বেশি দায়িত্বশীল। তাঁরা সংসার সামলে, পরিবারকে সময় দিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন; দুর্নীতিতে জড়িয়ে পড়েন না। আমি পুলিশের চাকরিতে আসার পর পরিবারের সবাই খুব সহযোগিতা করেছে। আর এখন তো নতুন একটি পরিচয় হলো, শুধু নারীদের নিয়ে গঠিত এই ব্যাটালিয়নের অংশ হতে পেরে।’ কুচকাওয়াজ করা, অস্ত্র পরিচালনাসহ নানা ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকেন এই নারীরা। কনস্টেবল রোজিনা খাতুন বলেন, ‘আমাদের আরও ভালোভাবে কাজ করতে হবে, যাতে কেউ নেতিবাচক কিছু বলতে না পারে। যোগ্যতা প্রমাণ করে পুলিশে যোগদান করেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ব্যাটালিয়নের প্রত্যেক সদস্য কাজ করে যাবে। আমাদের মাধ্যমে যেন দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।’ কনস্টেবল পদে কর্মরত নারী সদস্যরা মূলত বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে দায়িত্ব পালনকালে কথা হয় ময়না আকতারের সঙ্গে। তিনি জানান, এখানে সবাই খুব সহযোগিতা করে। তেমন কোনো ঝামেলা হয় না। প্রতি ১২ ঘণ্টা পর ছয় ঘণ্টা দায়িত্ব পালন করতে হয় এখানে। সেদিন সকালে বিমানবন্দরের একটি গেটে কর্তব্যরত অবস্থায় কথা হয় কনস্টেবল ইফফাত আরার সঙ্গে। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে এই ব্যাটালিয়নে কাজ করতে। স্যাররা অনেক সাহায্য করেন। যেকোনো সমস্যার কথা বললে তাঁরা সেটি বিবেচনা করে সমাধান করে দেন। এমন কাজ করতে চাই, যাতে মেয়েরা উৎসাহিত হয়ে এ পেশায় আসে। অনেক সময় এখানকার মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। আমাদের ব্যারাকের কাছাকাছি কোনো হাসপাতাল থাকলে সুবিধা হতো। তাহলে জরুরি অবস্থায় দ্রুত স্বাস্থ্যসেবা নিতে পারত সবাই।’ ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বে বর্তমানে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আবিদা সুলতানা। এ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তিনি বলেন, ‘গত বছর হাইতিতে প্রথম বাংলাদেশের একটি নারী ব্যাটালিয়ন যায়। সেখানে তারা খুব সুনামের সঙ্গে কাজ করে। জাতিসংঘের কাছে বাংলাদেশ পুলিশের এই উদ্যোগ গ্রহণযোগ্য হয়েছে। এ ছাড়া এই বাহিনীতে নারী সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে শুধু নারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট হলে তাদের অংশগ্রহণ বাড়বে। এই ভাবনা থেকে যাত্রা শুরু হলো এই ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের। বর্তমানে এর সদস্য ৩৭১ জন। কিন্তু সদস্যসংখ্যা সাত শতাধিক না হলে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হয় না। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নারীদের নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। নারীর ক্ষমতায়নের জন্য এটি খুব জরুরি।’ এই ব্যাটালিয়ন মূলত আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি-বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা বিধান, নারী অপরাধীদের মোকাবিলা করা, হরতাল বা মিছিল-সমাবেশে নারীনেত্রীদের নিরাপত্তাবিধান ইত্যাদি দায়িত্ব পালন করে। যেকোনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থান, কূটনৈতিক এলাকা, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর বাসভন, আন্তর্জাতিক বিমানবন্দরসহ নানা স্পর্শকাতর স্থানে কাজ করছে এই ব্যাটালিয়ন। ‘আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চলেছি। আমি মনে করি, পরিবারের সহযোগিতা ছাড়া কোনো মেয়েই সফল হবে না। আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি পরিবারের সমর্থনের জন্য। বিশেষ করে, আমার স্বামী সব সময় সাহায্য করেন। একটি কথা না বললেই নয়, পুরুষদের থেকে নারীরা অনেক বেশি একনিষ্ঠ, সৎ। তারা যদি তাদের মেধা কাজে লাগানোর সুযোগ পায়, তাহলে দেশের উন্নতি হবেই।’ আবিদা সুলতানা বলেন, ‘এই ব্যাটালিয়নের সদস্যদের জন্য আলাদা ব্যারাক, যানবাহন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। আমাদের অন্যান্য ব্যাটালিয়ন ও পুরুষ সহকর্মীরা খুব উৎসাহ দিচ্ছেন। আর এত বড় একটি দায়িত্ব পেয়ে আমি খুব গর্বিত। মনে হচ্ছে, আমি একটি ইতিহাসের অংশ। নিজের সেরা কাজটুকু দিয়ে এই দায়িত্ব পালনের চেষ্টা করব।’