তাঁরাই হোক প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরে সুতা কারখানার নারী শ্রমিকদের প্রতিবাদ, পুলিশের নির্যাতন। ১৯০৮-এ নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন এবং ১৯১০-এ কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে ক্লারা জেটকিনের প্রস্তাব—৮ মার্চ হোক আন্তর্জাতিক নারী দিবস। শত বছর পেরিয়ে আরও এক বছর। যদিও ১৯৭৫ সালে দিবসটি পেল জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি।না, কোনো তত্ত্ব্বকথা নয়, কোনো জ্ঞানগর্ভ প্রবন্ধ নয়। ৮ মার্চের প্রথম আলোর এই বিশেষ ক্রোড়পত্রে প্রথম পাতায় থাকছে দুটি বিশেষ সাক্ষাৎকার, যাঁদের জীবনাভিজ্ঞতাই অনেক কথা বলে দেবে। একজনের জন্মভূমি বাংলাদেশ, আরেকজন যেন আমাদের দেশেরই হয়ে গেছেন। গত বছরের শেষের দিকে দুজন দুই কারণে আলোচিত হয়েছিলেন। হয়েছিলেন সংবাদ। একজন সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র। নির্বাচন চলাকালীন তিনি দলীয় সমর্থন পাওয়া-না পাওয়া নিয়ে আলোচনায় ছিলেন। বলেছিলেন জনতাই তাঁর শক্তি। আরেকজন চলচ্চিত্রকর্মী ক্যাথরিন মাসুদ। যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন বাংলাদেশে। স্বামী চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্মাণ করেছেন মুক্তির গানসহ কয়েকটি চলচ্চিত্র। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হারালেন স্বামীকে। এখন স্বপ্ন দেখেন তারেক মাসুদের অসমাপ্ত কাজগুলো পূর্ণ করার। তাঁদের জীবনকাহিনি, লড়াই, সাফল্য আর আনন্দ-বেদনার কথা শুনব।ক্রোড়পত্রের অন্য পাতায় থাকছে সফল মেয়েদের কাহিনি। কারও কারও জীবনে ব্যক্তিগত নৈপুণ্যের সফলতা এলেও লড়াই থামেনি জীবনের। মেধাবী-গুণী-সফল মায়েদের নিয়ে লিখেছেন পেশাজীবী মেয়েরা। থাকছে বাবার ব্যবসায় হাল ধরা দ্বিতীয় প্রজন্মের মেয়েদের কথা।আমরা চেয়েছি বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর নারীর জীবন তুলে আনতে। চেয়েছি তাঁদের মনোবল, সাহস আর স্বপ্ন ছড়িয়ে দিতে। ভবিষ্যতের কর্মজীবী মেয়েটির জন্য তাঁরাই হোক প্রেরণা। সুমনা শারমীন