তাঁরাও আছেন
অট্টালিকার পাশে কুঁড়েঘর থাকলে কী হয়? সেই কুঁড়েঘরের যতই সৌন্দর্য থাক, ঢাকা পড়ে থাকে অট্টালিকার ছায়ায়। এবারের বিশ্বকাপে ব্রাজিল আর আর্জেন্টিনা দলেও আছে এমন ছায়ায় ঢাকা দুই তারকা। ব্রাজিলে একজন কাকার ছায়ায় ঢাকা পড়েছেন রবিনহো। আর আর্জেন্টিনায় লিওনেল মেসিতে আড়াল হয়েছেন গঞ্জালো হিগুয়েইন। অথচ এ দুজনের তারকা-দ্যুতিও কিন্তু কম নয়। সদ্য শেষ হওয়া মৌসুমটা দুর্দান্তই কাটিয়েছেন হিগুয়েইন। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে ৩২ ম্যাচ খেলে করেছেন ২৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫টি। কিন্তু মেসিকে ছাপিয়ে যেতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। ৩৫ ম্যাচে ৩৪ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। শুধু তা-ই নয়, ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন আর্জেন্টিনার ছোট্ট জাদুকর। তাঁর ছায়ায় তো পড়েই থাকবেন হিগুয়েইন। রবিনহোরও কাকার ছায়ায় পড়ে থাকাই স্বাভাবিক। এসি মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো কাকা এ মৌসুমে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। আর রবিনহো ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। সেখানে থাকতে তবু পাদপ্রদীপের আলো কিছুটা নিজের ওপর টেনে নিতে পেরেছিলেন। কিন্তু সিটি থেকে ধারে সান্তোসে খেলতে যাওয়ার পর রবিনহো হারিয়ে ফেলেছেন সেই আলোটুকুও। রবিনহো-হিগুয়েইনের ওপর আলো না থাকলেও তাঁদের ওপর চোখ রাখতে ভুলবেন না। দ্যুতি তাঁদেরও আছে, আর সেই দ্যুতিতে বিশ্বকাপটা আলোকিত করতে পারেন তাঁরাও। আবিদুল ইসলাম