তাঁরাও পেলে
পেলে একজনই, ব্রাজিলের ফুটবল কিংবদন্তি। কিন্তু পেলে নামের ফুটবলার একমাত্র তিনি নন...আবেদি পেলেপেলে নামটার এক যোগ্য উত্তরসূরি তিনি। আফ্রিকা থেকে উঠে আসা সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নিঃসন্দেহে। ঘানার নেতৃত্ব দিয়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডার, কখনো দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে ৭৩ ম্যাচে খেলে ৩৩ গোল করেছেন। রেকর্ডটা বলছে, বেশ সমৃদ্ধই ছিল আন্তর্জাতিক ক্যারিয়ার। অবশ্য ড্রিবলিং ক্ষমতার কারণে কেউ কেউ তাঁকে ‘আফ্রিকার ম্যারাডোনা’ও ডাকতেন ভালোবেসে। খ্যাতি আর ফর্মের তুঙ্গে থাকার সময় ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা তিনবারের আফ্রিকান বর্ষসেরা হয়েছেন। মার্শেইর হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। পেলে সেরা ১২৫ ফুটবলারের তালিকাতেও আছেন আবেদি পেলে।দ্য হোয়াইট পেলে‘হোয়াইট পেলে’ উপাধি পেয়েছেন অনেকেই। জিকো আর টোস্টাও যেমন এর ভালো উদাহরণ। আর্জেন্টিনায় জন্ম নেওয়া ভালো ফুটবলার মাত্রই যেমন ‘নতুন ম্যারাডোনা’, ব্রাজিলে কেউ দুর্দান্ত খেললে তাঁর সঙ্গে পেলের তুলনা আসেই। তবে কলিন হার্ভির গল্পটা অন্য রকম। তাঁকে ‘হোয়াইট পেলে’ নাম দিয়েছিল এভারটনের সমর্থকেরা। এভারটনের মাঝমাঠে হাওয়ার্ড কেনডাল, অ্যালান বলের সঙ্গে তাঁর মেলবন্ধন পরিচিত ছিল অদম্য ত্রয়ী হিসেবে। সেটা ছিল লিভারপুলের ক্লাবটির স্বর্ণসময়। পেলের চেয়ে বয়সে কিন্তু মাত্র চার বছরের ছোট ‘সাদা পেলে’।ফ্রাঙ্কোইস এম পেলে১৯৭৩ থেকে ১৯৭৯ পর্যন্ত খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। মাত্র ৩ গোলের জন্য ক্লাবটির হয়ে লিগে গোলের সেঞ্চুরি করতে পারেননি। ১৯৮২ সালে অবসর নেওয়া সাবেক এই ফরোয়ার্ডকে এখনো কঙ্গোর অন্যতম সেরা ফুটবলার মনে করা হয়। জাতীয় দলের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলে গোল করেছেন দুটি। তাতেই দেশটির জাতীয় বীর হয়ে আছেন। ১৯৭২ সালে তাঁর গোলে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে মালিকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল কঙ্গো। দেশটির এখন পর্যন্ত একমাত্র বড় শিরোপা।পেলে এফসিশুধু খেলোয়াড়ের নামই নয়, ব্রাজিল কিংবদন্তির নামে আছে স্টেডিয়াম। এটা অবশ্য অনেক খেলোয়াড়ের নামেই আছে। এদিক দিয়ে সবচেয়ে ব্যতিক্রম হলো—পেলের নামে আছে একটি ফুটবল ক্লাবও! সেটিও ক্রিকেটের দেশ গায়ানায়। ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন পেলের অসম্ভব ভক্ত। নিজের ভালোবাসার নিদর্শন হিসেবেই ক্লাবের নাম দিয়েছেন এমন। পেলে নিজেও ২০০৯-১০ মৌসুমে এই ক্লাবে এসেছিলেন অতিথি হয়ে। তখনই তাঁর হাতে তুলে দেওয়া হয় এই (ছবিতে বাঁয়ে) স্মারক।পেলে প্যাসোসআসল নামটা লম্বা—ভিক্টোর হুগো গোমেজ প্যাসোস। ১৯৮৭ সালে পর্তুগালে জন্ম নেওয়া এই ফুটবলারের ডাকনাম ‘পেলে’ হয়ে যায়, যখন তাঁর বয়স মাত্রই সাত। স্কুলে রীতিমতো গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। পরে অবশ্য ফরোয়ার্ড না হয়ে মিডফিল্ডার হয়ে যান। ২০০৭-০৮ মৌসুমে ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’ জিতেছেন। ২০০৮ থেকে ২০১০ পোর্তোতে নাম লেখালেও মূলত ধারে পোর্টসমাউথ আর ভ্যালাদোলিদেই খেলে কাটিয়েছেন সময়টা। গত বছর নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব এস্কিসেইরস্পরে।পেদ্রো পেলেস্ট্রাইকার হলে তো কথা নেই, মিডফিল্ডার হলেও মেনে নেওয়া যায়। তাই বলে ডিফেন্ডার! ১৯৭৮ সালে পর্তুগালে জন্ম নেওয়া পেদ্রো মিগুয়েল কারদোসো মন্তেইরো রক্ষণভাগের খেলোয়াড় হয়েও ডাকনাম পেয়েছেন পেলে! পর্তুগালে জন্ম, ফুটবলের প্রথম পাঠও সেখানেই। তবে ২০০৬ সালে চলে আসেন ইংল্যান্ডে, নাম লেখান সাউদাম্পটনে। ওয়েস্টব্রমের হয়েও খেলেছেন দুই মৌসুম। জাতীয় দল হিসেবে আবার পর্তুগাল নয়, বেছে নিয়েছেন কেপ ভার্দেকে। হয়তো পর্তুগাল জাতীয় দলে নিজের ভবিষ্যৎ খুঁজে পাননি। এ বছর নাম লিখিয়েছেন হেডনেসফোর্ড নামের ইংল্যান্ডের নিচু সারির একটি ক্লাবে।স্টিভেন পেলেনা, ‘পেলে’ নামটা তাঁর বেছে নেওয়া বা দেওয়া কোনো ডাকনাম নয়। পারিবারিক উপাধিই তাঁদের পেলে। ১৯৮১ সালে ফ্রান্সে জন্ম নেওয়া স্টিভেনও একজন ডিফেন্ডার। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ফ্রান্স যুবদলের অন্যতম সদস্য ছিলেন। উজ্জ্বল ভবিষ্যতের ছবিই আঁকা ছিল তাঁর সামনে। কিন্তু সব ছবিই বাস্তবের মাটি দেখে না। স্টিভেনের বেলায়ও হয়েছে তাই। যুবদলে তাঁরই অনেক সতীর্থ বেশ নাম কামিয়ে ফেলেছেন। কিন্তু ফ্রান্সের দ্বিতীয় আর তৃতীয় বিভাগে ভাগ্যান্বেষণ করতে হচ্ছে স্টিভেনকে।ইয়োহান পেলেতাঁরও জন্ম ফ্রান্সে। তিনিও স্টিভেনের মতো ‘পেলে’ নামটা বেছে নেননি। এটা তাঁরও বংশপদবি। আসল ব্যাপারটি হচ্ছে, ইয়োহান সম্পর্কে স্টিভেনের ছোট ভাই। ভাইয়ের মতো অবশ্য ডিফেন্ডার নন, তিনি গোলরক্ষক। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতা। ভাইয়ের তুলনায় বেশ ‘সমৃদ্ধ’ ক্যারিয়ার তাঁর। ফ্রান্সের প্রথম বিভাগে খেলেছেন লে মান্সের হয়ে। তাঁর ওপর চোখ পড়েছিল আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহামের মতো ইংলিশ ক্লাবগুলোর। শেষ পর্যন্ত অবশ্য ইংল্যান্ডে নয়, লে মান্স ছেড়ে ২০০৯ সালে ইয়োহান যোগ দেন তুলয়। ২০০৮ সালে ফ্রান্সের প্রীতি ম্যাচের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন।মিলানের পেলেব্রাজিল নয়, ‘পেলে’ নামের ফুটবলার দেখা যাচ্ছে পর্তুগাল থেকেই উঠে এসেছে বেশি। এই তালিকার তৃতীয় পর্তুগিজ ‘পেলে’র পুরো নাম জুদিলসন মামাদু তুনকারা গোমেজ। কদিন আগে এসি মিলানের মতো ক্লাব তাঁকে কিনে নেওয়ার পরই খবরে আসেন এই ২০ বছর বয়সী। ব্রাজিল কিংবদন্তির সঙ্গে মিলিয়ে রাখা তাঁর ডাকনাম। তবে এই পেলেও ফরোয়ার্ড নন, খেলেন মাঝমাঠে। পর্তুগালের ভবিষ্যতের বড় সম্পদ ভাবা হচ্ছে তাঁকে। সম্প্রতি কলম্বিয়ায় হওয়া যুব বিশ্বকাপে নজর কেড়েছেন। ওই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল পর্তুগাল। ছিলেন পর্তুগিজ ক্লাব বেলেনেনসেসে। সেখান থেকেই মিলানে।