তাঁহাদের স্ত্রী-বান্ধবী
ফুটবলাররা আলো ছড়াবেন মাঠে। আর তাঁদের স্ত্রী-বান্ধবীরা আলো ছড়াবেন, আলোচনায় থাকবেন মাঠের বাইরে। তাঁদের বিশ্বকাপ প্রস্তুতিটা জেনে নিনপরনে আঁটোসাঁটো জার্সি, আরও বেশি সাহসী হলে বিকিনি। ভিআইপি গ্যালারিতে ঝলমলে উপস্থিতি। কখনো পাশের জনের সঙ্গে খোশগল্পে মশগুল। কখনো বা গলা ফাটিয়ে হুল্লোড় সাধারণ দর্শকদের মতোই। মেসি-রোনালদো-কাকাদেরও ছাপিয়ে দক্ষিণ আফ্রিকায় মাঝেমধ্যেই আকর্ষণের কেন্দ্রে চলে আসবেন তাঁরা। কারা আবার? ওয়াগরা!আপনি ফুটবলের নিয়মিত পাঠক হলে ‘ওয়াগ’ ব্যাপারটি আর খোলাসা করে বলার প্রয়োজন নেই নিশ্চয়ই। তবে এক বলের পেছনে ২২ খেলোয়াড়ের প্রাণান্ত ছোটাছুটি যাদের অর্থহীন মনে হয়, কেবল বিশ্বকাপ এলে খোঁজ নেন ফুটবলের, তাঁদের কাছেও কি ওয়াগরা খুব বেশি অচেনা? না হওয়ারই কথা। ফুটবলারদের স্ত্রী আর বান্ধবীরা (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড—আদ্যক্ষর মিলে ওয়াগ) তো হরহামেশাই আলোচনায়। মূলত ইংল্যান্ড দলের সৌজন্যেই আলাদা পরিচিতি গড়ে উঠেছে ওয়াগদের। গত বিশ্বকাপে তো ইংল্যান্ড দলের চেয়ে খুব একটা কম প্রচার পাননি ওয়াগরা। ইংল্যান্ডের ব্যর্থতার জন্যও ওয়াগদের নিয়ে বড় বেশি মাতামাতিকেও দায়ী করেন অনেকে। আরও একটি বিশ্বকাপ দুয়ারে। ফুটবলাররা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। ওয়াগরাও! এবং তাতে নেতৃত্ব দিচ্ছেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েনস্টেইগারের বান্ধবী সারাহ ব্র্যান্ডনার আর ইংলিশ স্ট্রাইকার পিটার ক্রাউচের সঙ্গিনী অ্যাবি ক্ল্যান্সি। এই মুহূর্তে দুজনই ব্যস্ত সময় কাটাচ্ছেন। একের পর এক বিজ্ঞাপন, ফটো শট। ফুটবলার স্বামী বা সঙ্গীর চেয়ে এঁরাও তো আর কম তারকা নন!অথচ একটা সময় দৃশ্যপট ছিল একেবারেই অন্য রকম। ১৯৬৬ বিশ্বকাপের কথাই ধরুন। এখন পর্যন্ত ইংল্যান্ডের একমাত্র শিরোপা জয়ের পর যে আনুষ্ঠানিক নৈশভোজের আয়োজন করা হয়, তাতে আমন্ত্রণই পাননি বিশ্বকাপজয়ী ফুটবলারদের স্ত্রী-বান্ধবীরা। সে সময় ওয়াগদের এমন সরব উপস্থিতিও ছিল না। শহরের উপকণ্ঠে প্রচারের আলোর বাইরেই থাকতেন তাঁরা।১৯৬৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ববি মুরের স্ত্রী টিনা মুর সেই সময়ের দিনগুলোর স্মৃতিচারণা করে বলেছেন, ‘ববির সঙ্গে আমার প্রথম দেখা যখন আমার বয়স ১৬ এবং ফুটবল সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ও আমাকে প্রথম যেদিন অভিসারের জন্য ডাকে, আমি যেতেই পারিনি। ওর সঙ্গে আমি প্রথম সময় কাটানোর সুযোগ পেলাম মায়ের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে, স্থানীয় হাই স্ট্রিটে।’এই তো ছিল সে সময়ের আর পশ-বেকহামদের এই সময়ের পার্থক্য। তখনকার ফুটবলাররা এমন তারকাখ্যাতির আবহেও চলাফেরা করতেন না। আর দশটা সাধারণ মানুষের মতোই ছিল তাঁদের জীবন। টিনার স্মৃতিচারণা, ‘প্রথম দিকে একজন ফুটবলারকে বিয়ে করার মধ্যে আলাদা বিশেষত্ব কিছুই দেখিনি। ববি বাড়িতে আমার পাশেই বসে থাকত, ঘরের ঝাড়মোছেও সহযোগিতা করত। সেই ফাইনালের পর আমরা আমাদের এসেক্সের বাড়িতে ফিরে গিয়েছিলাম। কাছের মানুষদের জন্য একটা পার্টিও দেওয়া হয়েছিল। কিন্তু জাঁকজমকপূর্ণ কিছু ছিল না সেটি।’সময়ের হাত ধরে সবই পাল্টায়, আন্তর্জাতিক ফুটবলে যেমন ওয়াগরা এখন একটা নব্য সংস্কৃতির বাহক। তবে এই একটা জায়গায় উচ্চমার্গের শিল্পের সমঝদার ফ্যাবিও ক্যাপেলো এখনো ‘সেকেলে’ই রয়ে গেছেন। বিশ্বকাপ চলার সময় ইংলিশ ফুটবলারদের সঙ্গে ওয়াগদের খুব বেশি মেলামেশার সুযোগই দেবেন না কোচ। এদিকে ওয়াগরাও জানিয়েছেন, বিশ্বকাপেই নাকি তাঁরা যাবেন না। বয়কট! ভাষান্তর: রাজীব হাসান