তাইওয়ান নিয়ে কোনো ছাড় নয়
চীনের সামরিক শক্তির আধুনিকীকরণের পেছনে অন্যতম কারণ তাইওয়ান সমস্যা। ১৯৯৬ সালে চীন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে যুক্তরাষ্ট্র উষ্মা প্রকাশ করে। এর পরপরই তাইওয়ানের বন্দরের কাছাকাছি তাইওয়ান প্রণালিতে গিয়ে নোঙর করে দুটি মার্কিন যুদ্ধবিমানবাহী জাহাজ। এরপর থেকে ২০০২ সাল পর্যন্ত চীনের সামরিক কৌশল তাইওয়ানের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও ঘিরে আবর্তিত হতে থাকে। তাইওয়ানের বিষয়ে মার্কিন বাহিনী যেন হস্তক্ষেপ করতে না পারে সেজন্য চীন বাড়তি নজরদারি শুরু করে। সিএসবিএ এবং র্যান্ড নামে মার্কিন দুটি থিঙ্কট্যাঙ্ক বলছে, চীন তার লক্ষ্য অর্জনের পথে ভালোভাবেই এগোচ্ছে এবং ২০২০ সালের মধ্যে দেশটি তার ফার্স্ট আইল্যান্ড চেইন ব্যবহার করে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমানকে ভালোভাবেই সামাল দিতে পারবে। এই চেইনের মাধ্যমে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে অবস্থিত বহু দ্বীপে চীন তার সেনা মোতায়েন করে প্রাচীর সৃষ্টি করবে।২০০৫ সালে চীন সরকার ‘অবিচ্ছিন্ন তাইওয়ান আইন’ পাস করে। তার মানে দাঁড়াচ্ছে দেশটি তাইওয়ানকে ছেড়ে দেবে না। আর যদি তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করে কিংবা শান্ত উপায়ে তাইওয়ানকে ধরে রাখা না যায়, তবে চীন সামরিক শক্তির আশ্রয় নেবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান থিঙ্কট্যাঙ্কের (চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ) কর্মকর্তা জিয়া চিউদং বলেন, ‘তাইওয়ান ইস্যু সবার ওপরে। মূল ভূখণ্ড তাইওয়ানকে ছাড়তে চায় না। স্বাধীনতা তাইওয়ানের ভবিষ্যত হতে পারে না। বাইরের যেকোনো সশস্ত্র হস্তক্ষেপ মোকাবেলায় চীনের সশস্ত্রবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। যেকোনো কিছুর বিনিময়ে আমরা তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেব না।’২০০৪ সালে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বলেছিলেন, পিএলএকে নতুন ঐতিহাসিক মিশন হাতে নিতে হবে। পিএলএর কিছু সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা কাজে নিয়োজিত আছে। সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চীনা সেনা শান্তিরক্ষা মিশনে কর্মরত। তারপরও চীনের নতুন ওই ঐতিহাসিক মিশনের বেশিরভাগ দায়িত্ব পড়েছে দেশটির নৌবাহিনীর ওপর। দেশের সমুদ্র সীমায় ভিন দেশের প্রবেশ বন্ধ রাখার পাশাপাশি নৌবাহিনীকে দেশটির সামরিক শক্তি প্রদর্শনের দায়িত্বও দেওয়া হয়েছে। চীনের ক্রমাগত প্রসারণশীল অর্থনৈতিক স্বার্থ দেখভালের অভিভাবক করা হয়েছে নৌবাহিনীকে। এ দায়িত্বের মধ্যে রয়েছে দক্ষিণ চীন সাগরের (যাকে বলা হচ্ছে অনন্য অর্থনৈতিক অঞ্চল) বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখা, চীনের শিপিং পরিবহনের নিরাপত্তা দেওয়া, জ্বালানি ও কাঁচামাল সরবরাহ পথ সংরক্ষণ করা এবং সারা বিশ্বে প্রতিনিয়ত ছড়িয়ে পড়া লাখ লাখ চীনা নাগরিকের নিরাপত্তা বিধান করা। বর্তমানে দেশটির প্রায় ৫০ লাখ মানুষ বিভিন্ন দেশে কর্মরত। ২০২০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০ কোটিতে। দিন দিন চীনের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে শক্তিশালী নৌবহর, গোপন ফ্রিগেট এবং ক্ষেপণাস্ত্রবাহী নৌযান। যার ফলে দেশের সমুদ্র সীমানার বাইরে গিয়ে দক্ষতা দেখাচ্ছে নৌসেনারা। ২০০৯ সালে এডেন উপসাগরে জাহাজ ছিনতাই রোধে দেশটি তিনটি জাহাজ রেখেছে। সেগুলোর একটি গত বছর ভূমধ্যসাগর এলাকায় গিয়ে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে চীনা বিমান বাহিনীর সঙ্গে যৌথ অভিযানের ৩৫ হাজার চীনা নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনে।অতএব চীনের সামরিক শক্তির দ্রুত উন্নয়নে তার প্রতিবেশী দেশগুলো এবং পশ্চিমাবিশ্ব উদ্বেগ প্রকাশ করবে—এটা স্বাভাবিক একটা বিষয়। দেশটির সামরিক শক্তির উত্তরোত্তর আধুনিকায়নের ফলে এ অঞ্চলে মার্কিন মিত্ররা চীনা হুমকির সম্মুখীন। মিত্রদেরকে যতই নিরাপত্তার নিশ্চয়তা দিক, তারা অজানা আশঙ্কায় দিনযাপন করছে। এশিয়ায় মার্কিন সেনাবাহিনীর পুনর্বিন্যাসের ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা হয়তো সেটারই ইঙ্গিত বহন করছে। তবে চীনের কাছ থেকে আসা হুমকিকে অতিরঞ্জিতভাবে নেওয়াটাও ঠিক হবে না। এখানে তিনটি বিষয় কাজ করছে। বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতার ওপর চীনের জাতীয় স্বার্থ অনেকটাই নির্ভরশীল। দেশটির শীর্ষস্থানীয় জেনারেলরা মনে করেন, লাখ লাখ হতদরিদ্র মানুষ নিয়ে মধ্য আয়ের দেশটিতে সামরিক উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অর্থনৈতিক খাতটা অগ্রাধিকার পাওয়া উচিত। তবে সামরিক খাতে দেশটির অর্থ ব্যয়ের এই ধারা অব্যাহত থাকবে কিনা সেটা বুঝা যাবে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন যখন ধীরগতির হবে। তবে অতীত অভিজ্ঞতা বলে চীনের নেতারা বহির্বিশ্বের হুমকির চেয়ে দেশটির অভ্যন্তরীণ হুমকি সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়বে হয়তো। গত বছর প্রথমবারের মতো দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যয় করা অর্থ সশস্ত্র বাহিনীর উন্নয়নে বরাদ্দ করা অর্থের চেয়ে ঢের বেশি ছিল। চীনে বয়স্ক লোকদের সংখ্যা দ্রুত বাড়ছে। এতে করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটাও বিরাট এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সরকারের জন্য। যেটা সামরিক ব্যয়কে পেছনে ফেলতে পারে। তা ছাড়া অন্য পরাশক্তির মতো চীনের কাছেও অর্থনৈতিক সাহায্যের আবেদন চেয়ে বসে থাকতে পারে নানা দেশ।দ্বিতীয়ত, কিছু বাস্তববাদী মার্কিন নীতি নির্ধারক স্বীকার করেন যে, চীনের মতো একটি অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন দেশ বিশ্বে তার একটা অবস্থান তৈরির জন্য সামরিক শক্তি বাড়াতে তত্পর হতে পারে। আর এতে আশ্চর্য হওয়ারও কোনো কারণ নেই। পশ্চিমা বিশ্ব প্রায়ই চীনের শক্তিমত্তা নিয়ে বিতর্ক তোলে এবং বিশ্বে শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য চীনকে বেশি দায়ী করে। অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সের কর্মকর্তা জেনারেল ইয়াও ইয়ুনঝু বলেন, ‘আমরা বেশি করলে রেহাই পাই না, আবার কম করলেও সমালোচিত হই। পশ্চিমাদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী চায়। আন্তর্জাতিক সামরিক বাহিনীর বিন্যাস হলো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও এশিয়ার দ্বিপাক্ষিক জোট।’তৃতীয়ত হলো, পিএলএ সম্পর্কে যতটা লেখা হয়, সেটা নিয়ে আসলে ততটা ভয় পাওয়ার কারণ নেই। ১৯৮৯ সালে চীনের তিয়েন আনমেন স্কয়ারে বিক্ষোভের পর থেকে পশ্চিমা দেশগুলো দেশটির ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে। বিষয়টি চীনা সেনা প্রযুক্তিকে বেশ ভুগিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন জেটইঞ্জিন বানাতে দেশটি বহু সংগ্রাম করেছে। চীনের প্রতিরক্ষাশিল্প হয়তো উন্নতি করছে, কিন্তু সেটা বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। দেশটি উচ্চ সামরিক প্রযুক্তির জন্য রাশিয়ার ওপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল। তা ছাড়া চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত ও ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে একই ধরনের সামরিক প্রযুক্তি আমদানি করে। পাশাপাশি পিএলএর যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে যত্সামান্য। সেই ১৯৭৯ সালে সর্বশেষ ভিয়েতনামের সঙ্গে পিএলএ যুদ্ধ করেছিল। আর সেই যুদ্ধে চীন অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। অন্যদিকে এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধের ময়দানে সক্রিয় অবস্থান মার্কিন সেনাদেরকে করে তুলেছে যথেষ্ট তীক্ষ ও ক্ষুরধার। জেনারেল ইয়াও বলেছেন, মার্কিনিদের সঙ্গে চীনা বাহিনীর কমপক্ষে ৩০, হয়তো বা ৫০ বছরের ব্যবধান রয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে চীনাদের পাল্লা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হয়তো কোনো একদিন চীন মার্কিনীদের সঙ্গে পাল্লা দিতে পারবে।’