তাইওয়ানের হাসপাতালে আগুন, মৃত্যু ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় তাইনান শহরের একটি হাসপাতালে আজ মঙ্গলবার ভোরে আগুন লাগার ঘটনায় ১২ জন বয়স্ক রোগীর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে আহত ৬০ জনের বেশি রোগীকে অন্য একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। হাসপাতালের কর্মকর্তারা জানান, আজ ভোরে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় ওই রোগীদের মৃত্যু হয়। আহত রোগীদের চিকিত্সা দেওয়া হচ্ছে কাছের একটি হাসপাতালে। আগুন লাগার সময় ওই হাসপাতালে শতাধিক রোগী চিকিত্সাধীন ছিলেন। তাঁদের অধিকাংশই একা চলাফেরা করতে পারতেন না।আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একজন দমকল কর্মকর্তার ধারণা, হাসপাতালের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত।