তাজ দর্শন হলো না শোয়ার্জেনেগারের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারত সফরে এসে তাজমহল দেখার জন্য সেখানে ছুটে গিয়েছিলেন হলিউডের অ্যাকশন তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। কিন্তু তাঁর সে আশায় গুঁড়ে বালি। সাপ্তাহিক বন্ধের কারণে এ যাত্রায় তাজমহল দর্শন আর হলো না ৬৪ বছর বয়সী এই ‘টার্মিনেটর’ তারকার।‘ব্যাপারটি বেশ বিচলিতই করেছে আর্নল্ডকে’, জানালেন তাঁর ট্যুর গাইড নিতিন সিং। শুক্রবার আগ্রা শহর ঘুরে দেখতে বের হয়েছিলেন আর্নল্ড। একপর্যায়ে তাজমহলের কাছে গিয়ে তা বন্ধ দেখতে পান তিনি। কারণ সপ্তাহের এই দিনটিতে তাজমহলের কাছের একটি মসজিদে নামাজ আদায় করেন মুসলমানেরা।শেষ পর্যন্ত পাশের একটি রাস্তায় দাঁড়িয়ে তাজমহল দর্শনের দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে হলিউডের বর্ষীয়ান এই অভিনেতাকে। তিনি নিজের সেলফোনে বেশ কয়েকটি ছবিও তুলে নিয়েছেন তাজমহলের। এ ছাড়া তাজমহলকে পেছনে রেখে নিজের ছবিও তুলেছেন তিনি।এ যাত্রায় তাজমহল দর্শনের সুযোগ না পেলেও আবারও ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন আর্নল্ড। এমনকি বলিউডের ছবিতে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে এনডিটিভিকে তিনি বলেছেন, ‘ভালো নির্মাতা এবং আকর্ষণীয় স্ক্রিপ্টের কোনো ছবিতে আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে বলিউডে কাজ করার ইচ্ছে আছে আমার।’