তাজউদ্দিনের সঙ্গে ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ছাড়া তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহায়তাকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ পলাতক আসামিদের সঙ্গে ডিউকের যোগাযোগের তথ্যপ্রমাণ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার আদালতে জমা দেওয়া সিআইডির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। চার দিনের রিমান্ড শেষে ডিউককে গতকাল আদালতে হাজির করে এ প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।নতুন করে রিমান্ড না চাওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন ডিউককে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, ডিউকের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে তাঁকে আবারও রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।ডিউককে আদালতে হাজির করার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম কামরুল হাসান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ হাওয়া ভবনের ঘনিষ্ঠ ব্যক্তিরা ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত বলে ডিউক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।তবে ডিউকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ বক্তব্যের প্রতিবাদ করে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য হাওয়া ভবন ও তারেকের নাম জড়িয়ে কথা বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন, আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনের কোথাও তারেক রহমানের নাম বলা হয়নি।এর আগে আইনজীবী মাসুদ আহমেদ আদালতকে বলেন, ডিউক এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, গ্রেনেড হামলা মামলাটি স্পর্শকাতর মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উচিত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজনৈতিক কথা বলা থেকে বিরত থাকা। তিনি ডিউকের জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করেন। গতকাল আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে প্রকাশ পায়, গ্রেপ্তার হওয়া আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের সঙ্গে ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যাওয়ার ব্যাপারে ডিউকের সংশ্লিষ্টতা ছিল। সিআইডি ডিউকের পাসপোর্ট ঘেঁটে জানতে পারে, ডিউক দুবাই গিয়ে সাবেক সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম জোয়ার্দ্দারের সঙ্গে যোগাযোগ করেছেন।খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-২০০৬) তাঁর একান্ত সচিব ছিলেন ডিউক। সাইফুল ইসলাম জোয়ার্দ্দার ডিউকের ভায়রা।