তাজউদ্দীন-কন্যা বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খানের চেয়ে ৩৭ হাজার ৫২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।তবে আফসারউদ্দীন গতকাল রোববার বিকেল চারটার দিকে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। তাঁর অভিযোগ, তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোটে বাক্স ভর্তি করে প্রহসনের নির্বাচন করা হয়েছে। এই আসনে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ৮৮৪। এর মধ্যে ভোট পড়েছে ৪৩ দশমিক ২৩ শতাংশ। এবার মোট ভোট পড়ে ৯১ হাজার ৭৯৬। এর মধ্যে সিমিন হোসেন রিমি পেয়েছেন ৬৩ হাজার ৪০১ ভোট। আফসারউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ৩৪৯ ভোট ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আসাদুল্লাহ বাদল পেয়েছেন এক হাজার ৪২৮ ভোট। বাতিল হয়েছে ৬১৮ ভোট।বেসরকারি এই ফলাফল প্রকাশের পর রাত সাড়ে আটটায় কাপাসিয়া বাজারে আনন্দ মিছিল করেছেন বিজয়ী প্রার্থী সিমিন হোসেনের সমর্থকেরা। ফল ঘোষণার পর সিমিন প্রথম আলোকে বলেন, ‘এ বিজয় কাপাসিয়াবাসীর। যদিও সময় অল্প, তবু সাধ্যমতো এলাকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’ তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুৎসমস্যার সমাধান করাটাই হবে তাঁর অগ্রাধিকার। রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মুর্শেদ গতকাল বেলা আড়াইটায় কাপাসিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম আলোকে বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আফসারউদ্দীন নির্বাচন প্রত্যাখ্যান করার পর প্রতিক্রিয়া জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব।’এ বিষয়ে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমেদ বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আফসার জিততে পারবেন না—এ আশঙ্কা থেকে তিনি আগে থেকেই এসব অভিযোগ করেছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং আওয়ামী লীগের প্রার্থী তানজিম আহমদ সোহেল তাজ। পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। তিনি ২০১০ সালে মন্ত্রিত্ব ত্যাগ করেন। চলতি বছরের ৭ জুলাই সংসদ সদস্যের পদও ছেড়ে দিলে আসনটি শূন্য হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী করেন সোহেল তাজের বোন সিমিন হোসেন রিমিকে। আর দলীয় মনোনয়ন না পেয়ে রিমির আপন চাচা আফসারউদ্দীন স্বতন্ত্র প্রার্থী হন। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। ভোটের চিত্র: গতকাল সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত তা চলে। এই ভোট চলার সময় প্রায় সব ভোট কেন্দ্রের মাঠ ছিল ফাঁকা। দু-চারজন করে এসে ভোট দিয়ে গেছেন। নির্বাচনী এলাকার ১০২টি কেন্দ্রের মধ্যে অন্তত ৪০টি কেন্দ্রে প্রথম আলোর পাঁচজন প্রতিবেদক ও দুজন আলোকচিত্রী ঘুরে ঘুরে দেখেন। এসব কেন্দ্রের কোনো বুথেই একসঙ্গে ১০ জনের বেশি ভোটারের লাইন চোখে পড়েনি। সিমিন হোসেন রিমি ও আফসারউদ্দীন খানের বাড়ি-লাগোয়া দরদরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে নয়টায় এবং বেলা সাড়ে ১১টার দিকে নারী ভোটারদের বুথের সামনে একসঙ্গে সর্বোচ্চ ১০ জনের সারি দেখা গেছে। কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের উপস্থিতি ছিল বেশি। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ হয়। বেলা সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুষলধারে বৃষ্টির কারণে কেন্দ্রগুলো ভোটার-শূন্য হয়ে পড়ে। বেলা আড়াইটার পর আবার ভোটার আসতে শুরু করে। তবে তা কখনোই চোখে পড়ার মতো ছিল না। সারা দিন কেন্দ্র ও কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অনেক কেন্দ্রে আনসার, পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অলস বসে থাকতে দেখা গেছে। কিছু কিছু কেন্দ্রে ভোটার ও স্থানীয় লোকের চেয়ে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা ছিল বেশি। বিজিবি ও র্যা ব সদস্যদের টহল দলও নির্বাচনী এলাকার সর্বত্র ঘুরে বেরিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালতও তত্পর ছিলেন। আফসারের অভিযোগ: রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে আফসারউদ্দীন বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে উপনির্বাচন পরিচালনায় ব্যর্থ হয়েছে। অভিযুক্ত সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করায় এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের পোশাক পরে পুরো কাপাসিয়ায় তাঁর কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার কারণে সাধারণ মানুষ ভয়ে ভোট দিতে আসেননি। আফসার অভিযোগ করেন, ভোটার উপস্থিতি কম দেখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কমলেশ্বর, বুলেশ্বর, বড়হর, পাচুয়া, টোকনগর, দীঘিরপাড়, সূর্য নারায়ণপুর, বরুণ, খোদাদিয়া, রামপুর, তরুণ, তারাগঞ্জ, ধানদিয়াসহ আরও অনেক কেন্দ্র দখল করে জাল ভোট দিয়েছে। তিনি বলেন, ‘এই প্রহসনের সাজানো নির্বাচনের ফলাফল আমি মেনে নিতে পারি না।’ তরুণ ভোটার কম: এই উপনির্বাচনে তরুণদের উপস্থিতি ছিল খুবই কম। উপস্থিত ভোটারদের বড় অংশই ছিল নারী ও বয়স্ক। গতকাল দুপুরে রায়েদ ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হয় কলেজছাত্র মাহমুদুল হাসানের সঙ্গে। তরুণ ভোটার উপস্থিতি কম কেন জানতে চাইলে মাহমুদুল বলেন, ‘আমার অনেক বন্ধু ঢাকা কিংবা অন্য শহরে থাকে। অনেকের সঙ্গেই ফোনে কথা বলেছি। কিন্তু কারোরই ভোটের ব্যাপারে আগ্রহ দেখলাম না।’ দুটি কেন্দ্রের চিত্র: সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলেও কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের একটি বুথে প্রথম ভোটার আসেন আটটা ৪০ মিনিটে। এই কেন্দ্রে মহিলা ও পুরুষ মিলে মোট ভোটার তিন হাজার ৭৭৮ জন। নির্বাচনীয় এলাকার সবচেয়ে বেশি ভোট এই কেন্দ্রে। এখানে আটটি বুথ খোলা হয়। তিন প্রার্থীর ২৪ জন পোলিং এজেন্ট উপস্থিত থাকার কথা। কিন্তু ছিলেন ১৫ জন। তবে সব বুথে নৌকা প্রতীকের এজেন্ট উপস্থিত ছিলেন। প্রথম আলোর প্রতিবেদক সকাল আটটা থেকে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় ও উপজেলার খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে ভোটারের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তাতে দেখা যায়, সকল সোয়া ১০টা পর্যন্ত পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ৩২০টি। বেলা সোয়া ১২টা পর্যন্ত ৮৪৬, বেলা দুইটা ৪০ মিনিট পর্যন্ত পড়ে এক হাজার ১৬৪ ভোট। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আহমদ আলী আকন্দ জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে এ কেন্দ্রে মোট ভোট পড়ে এক হাজার ৫২১টি। সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট পড়ে এই কেন্দ্রে। উপজেলার খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২২৯। এখানে বেলা পৌনে ১১টা পর্যন্ত ৪০৪ ভোট, পৌনে দুইটা পর্যন্ত ৮৫২, পৌনে চারটা পর্যন্ত এক হাজার ১৬৬ ভোট পড়ে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বিকেল চারটা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়ে এক হাজার ৩০৪ ভোট, যা মোট ভোটের ৪০ দশমিক ৩৮ শতাংশ। [প্রতিবেদনটি তৈরির জন্য তথ্য সংগ্রহ করেছেন: টিপু সুলতান, সেলিম জাহিদ, তানভীর সোহেল, আনোয়ার হোসেন ও মাসুদ রানা]