তাজউদ্দীন-বঙ্গবন্ধুর দূরত্বে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী ছিলেন তাজউদ্দীন। কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে তাজউদ্দীনের নীতিগত বিষয়ে কিছু মতান্তর দেখা দেয়। মুক্তিযুদ্ধবিরোধীরা এ সুযোগে তাঁদের দুজনের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে সমর্থ হয়। তাজউদ্দীন এরপর পদত্যাগ করেন। তাতে তাঁদের দুজনেরই ক্ষতি হয়, সর্বোপরি ক্ষতি হয় বাংলাদেশের। ‘তাজউদ্দীন আহমদের স্বদেশভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধে কথাগুলো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী স্মরণে ‘তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতা-২০১২’ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বক্তৃতার আয়োজন করে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। মূল প্রবন্ধের শুরুতেই অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘তাজউদ্দীন আহমদ যে দেশের মানুষের কাছ থেকে তাঁর প্রাপ্য সম্মান পাননি, সেই দুর্ভাগ্য যতটা তাঁর, তার চেয়ে বেশি আমাদের সকলের।’ আনিসুজ্জামান বলেন, তাজউদ্দীন কেবলমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচালক। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন পরিণত সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তার অধিকারী। এই দুয়ের যোগফল খুব কমই দেখা যায়। আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী হিসেবে তাজউদ্দীন ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের গতিপ্রকৃতি নির্ধারণে বড় ভূমিকা পালন করেন এবং ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। বাংলাদেশ সরকারের প্রশাসন গঠন, আঞ্চলিক প্রশাসনিক পরিষদগুলোর প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের সামরিক শক্তির পুনর্বিন্যাস, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের পুনঃপ্রতিষ্ঠা, বহির্বিশ্বে কূটনৈতিক তত্পরতা, পাকিস্তানের পক্ষত্যাগ করে বাঙালি কূটনীতিকদের বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণায় উত্সাহদান, ভারত সরকারের সঙ্গে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে অর্থপূর্ণ যোগাযোগ রক্ষা—এসব বহু ক্ষেত্রে তাঁকে এককভাবে দায়িত্ব পালন করতে হয়েছিল।আনিসুজ্জামান বলেন, তাজউদ্দীন চেয়েছিলেন গণতন্ত্রের মধ্যে দিয়ে সমাজতন্ত্রের উত্তরণ ঘটাতে। তিনি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার সৃষ্টির ওপর জোর দিয়েছেন। বিরোধী দলকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ছায়া মন্ত্রিসভার গঠনের আবশ্যকতার কথা বলেছেন। এ ছাড়া ছাত্ররাজনীতিতেও তিনি একই রকম সহনশীলতার প্রয়োজনীয়তা অনুভব করেছেন।আনিসুজ্জামান বলেন, ‘তাজউদ্দীন আহমদ বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভবিষ্যত্ বংশধরদের জন্য সঠিক শিক্ষা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের নিশ্চয়তা বিধান করতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমদের বিপ্লব পূর্ণ হবে না। আমরা জানি সেই লক্ষ্যে যদি আমরা এখনো পৌঁছাতে পারিনি। কাজেই লক্ষ্য যদি আমাদের স্থির থাকে তবে সেই গন্তব্যের পথে যাত্রায় তাজউদ্দীন আহমদের স্বদেশভাবনা আমাদের পক্ষে একই সঙ্গে প্রেরণাদায়ক ও পথনির্দেশক হবে’। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৭১ সালে শহীদ তাজউদ্দীন আহমদ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। উপাচার্য বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস, মুক্তিযুদ্ধে শহীদ তাজউদ্দীন আহমদের বলিষ্ঠ নেতৃত্ব ও পরিচালনার ইতিহাস, জাতীয় চার নেতার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানতে হবে।’তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের দাতা ও তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমেদ বলেন, তাজউদ্দীন সময়ের চেয়ে অনেক বেশি অগ্রসর একজন মানুষ ছিলেন। আমার মনে হয় বাংলাদেশ তাঁকে ধারণ করতে পারেনি।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কামাল উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার এবং শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডালেম চন্দ্র বর্মণ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০১০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ছাত্র অনুরাগ চাকমাকে ‘তাজউদ্দীন আহমদ পিস স্কলার স্বর্ণপদক’ দেওয়া হয়। এ ছাড়া একই বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ফারহানা ফেরদৌসকে তাঁর সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতিতে এক বছরের জন্য ১২ হাজার টাকা ‘তাজউদ্দীন আহমদ’ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘সুশাসন, বাংলাদেশ আর্থ-সামাজিক, রাজনৈতিক উত্তরণ ও তাজউদ্দীন আহমদ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী আবদুল হান্নান, আজহারুল ইসলাম, হাবিবুর রহমান, কবিতা ইসলাম ও মুত্তাকী বিন কামালকেও পুরস্কার দেওয়া হয়।