তাজউদ্দীনকন্যা রিমি গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। সৈয়দ আশরাফ বলেন, গাজীপুর-৪ আসনের মনোনয়ন নিয়ে সংসদীয় বোর্ডের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিমিন হোসেন রিমিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি জানান, এ নির্বাচনে তোফায়েল আহমেদকে দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম ও অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। এর আগে বিকেল সোয়া পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানীর ডিওএইচএসে তাজউদ্দীন আহমদের স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান। তিনি প্রায় ঘণ্টাকাল সময় কাটান তাঁর সঙ্গে। প্রধানমন্ত্রী জোহরা তাজউদ্দীনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গাজীপুর-৪ আসনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাঁর মতামত নেন।সূত্রমতে, তাজউদ্দীন আহমদের পরিবার থেকেই মনোনয়ন দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত ছিল। শুক্রবার রাতে পারিবারিক বৈঠক করে সিমিন হোসেন রিমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তাজউদ্দীন আহমদের কনিষ্ঠ কন্যা মাহজাবিন আহমদ প্রথম আলোকে এ তথ্য দেন। এই আসনে তাঁদের ছোট ভাই তানজিম আহমদ সোহেল তাজ সংসদ সদস্য ছিলেন। তিনি সম্প্রতি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। সংসদ সদস্যপদ ছাড়ার আগে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছিলেন।