তাজউদ্দীনের নাতিকে নির্যাতন: তদন্ত মানবাধিকার কমিশনে
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে। কমিশনকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় প্রয়োজন হলে তা দেওয়া হবে।আজ বুধবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্তকালে গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল আজিমকে গুলশান এলাকা থেকে অন্যত্র বদলি করতে বলা হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শাহ আলমকেও ঢাকা মহানগরের অন্যত্র বদলি করতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকালে গুলশান পুলিশের দু্ই উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত রাখতে বলা হয়।আদেশে আদালত বলেন, ‘সাময়িক বরখাস্ত ও বদলির আদেশ সুষ্ঠু তদন্তের স্বার্থে। আশা করি, এটা তাদের ক্যারিয়ারে ও চরিত্রে বাধার সৃষ্টি করবে না। পুলিশের দায়িত্ব অনেক বেশি। পুলিশ জনগণকে সুরক্ষা দেবে। এর ব্যত্যয় ঘটলে তারা দায়ী। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। জনগণকে সুরক্ষা করতে প্রতিটি সিভিল সার্ভেন্ট সাংবিধানিকভাবে বাধ্য দায়িত্ব পালনে। জনগণকে সুরক্ষা দেওয়া তাদের ওপর অর্পিত দায়িত্ব।’আদালত থেকে বেরিয়ে পুলিশ কর্মকর্তাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ওই সময় কী ঘটেছিল, প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে কি না এবং শারীরিক নির্যাতন করা হয়েছিল কি না, এ বিষয়গুলো খতিয়ে দেখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে-সংক্রান্ত সুপারিশও দাখিল করতে বলা হয়েছে।গত ১২ ফেব্রুয়ারি ‘প্রথম আলো’য় ‘তাজউদ্দীনের নাতিকে পেটাল পুলিশ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম।