তাজরীন অগ্নিকাণ্ডে তিনজন পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রতিষ্ঠানের গ্রেপ্তার হওয়া তিন কর্মীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ এ আদেশ দেন। ওই তিন কর্মী হলেন—তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন (৩৭), ভান্ডারের দায়িত্বে থাকা কর্মকর্তা হামিদুল ইসলাম লাভলু (৩১) ও নিরাপত্তাবিষয়ক সুপারভাইজার মোহাম্মদ আল আমিন (২৭)।আশুলিয়া থানার পুলিশ আজ এই তিনজনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ওই তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গতকাল রাতে দুলালকে রাজধানীর রামপুরার বনশ্রী থেকে, হামিদুলকে উত্তর বাড্ডার হোসেন মার্কেট থেকে ও আল আমিনকে নিশ্চিন্তপুর থেকে আটক করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গত রোববার আশুলিয়া থানায় পুলিশের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তারের ব্যাপারে ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে এই তিনজনের নাম এসেছে। এর ভিত্তিতেই দুলাল, হামিদুল ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। তবে এই তিনজনের বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।এই অগ্নিকাণ্ড নাশকতামূলক, পরিকল্পিত বা ষড়যন্ত্র কি না, তদন্তের পরই তা জানা যাবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার। তিনি বলেন, গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এ ব্যাপারে জানা যাবে। মালিকপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর তিন থেকে চারটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়েছে বলে তিনি শুনেছেন। তদন্তে তাঁদের নাম এলে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার হওয়া তিনজনকে আজ সাংবাদিকদের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এর আগে আজ সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গত শনিবার আশুলিয়ার নিশ্চিন্তপুরের ওই পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জনের মৃত্যু হয়।