তাজরীন ফ্যাশনসে নিহত ৩৭ জনের লাশ শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে মারা যাওয়া ৫৯ জনের ডিএনএ টেস্ট করে ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ২২টি লাশ শনাক্ত করা যায়নি। আজ মঙ্গলবার ন্যাশনাল ফরেনসিক অ্যান্ড ডিএনএ প্রোফাইলিং ল্যাবের কর্মকর্তারা শ্রমসচিব মিকাইল শিপারের কাছে ডিএনএ প্রতিবেদন জমা দেন। শ্রমসচিব প্রথম আলো ডটকমকে বলেন, যাঁদের লাশ শনাক্ত করা যায়নি, তাঁদের আবার ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ ৪৮ জনের লাশ আছে বলে দাবি করলেও সরকার দুর্ঘটনাস্থল থেকে ৫৯ জনের লাশ উদ্ধার করেছিল। মিকাইল শিপার আরও বলেন, যাঁদের লাশ শনাক্ত করা হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে ছয় লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।