যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পোশাক উৎপাদনে যুক্ত বাংলাদেশি পোশাক কারখানায় (তাজরীন ফ্যাশনস) অগ্নিকাণ্ডে শতাধিক প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দিয়েছেন দেশটির কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা। তাঁরা এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে যুক্তরাষ্ট্র সরকারকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।গত বুধবার ওবামাকে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর করেন সিনেটর টম হার্কিন, অ্যাল ফ্রাংকেন, শেরর্ড ব্রাউন, প্যাটি মুরে, জেফ বিংগ্যাম্যান, জন ডি রকফেলার চতুর্থ ও প্রতিনিধি পরিষদের সদস্য জর্জ মিলার। চিঠিতে বলা হয়, তাজরীন ফ্যাশনসে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে গত মাসে ১১২ জন শ্রমিক নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার কারণ অনুসন্ধানে উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে। কারখানায় আগুন লাগার সতর্কসংকেত (ফায়ার অ্যালার্ম) বেজে ওঠার পরও শ্রমিকদের নিজ নিজ অবস্থানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। বের হওয়ার পথ বন্ধ থাকায় শ্রমিকেরা কারখানার ভেতরেই আটকা পড়েন। এ ছাড়া ভেতরের অগ্নিনির্বাপণযন্ত্রগুলোর নিষ্ক্রিয়তার কারণে তাঁরা আগুন নেভাতে সক্ষম হননি।মার্কিন আইনপ্রণেতারা আরও বলেন, দুর্ঘটনার ভয়াবহতার পাশাপাশি উদ্বেগের আরেকটি কারণ রয়েছে। মার্কিন সেনাদের পোশাক সরবরাহের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে যুক্ত ছিল তাজরীন ফ্যাশনস। প্রতিষ্ঠানটি মার্কিন মেরিন সেনাদের লোগো-সংবলিত পোশাক তৈরির অনুমতিপত্র (লাইসেন্স) পেয়েছিল। যুক্তরাষ্ট্রের স্থল, নৌ, বিমান ও মেরিন সেনা এবং কোস্টগার্ড সদস্যদের পোশাক সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ডেলটা অ্যাপারেলের অধীন প্রতিষ্ঠান সোফেকে। সোফে এ কাজের জন্য গত জুলাই মাসে তাজরীন ফ্যাশনসের সঙ্গে চুক্তি করে। শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে অসমর্থ কোনো প্রতিষ্ঠানকে মার্কিন সামরিক বাহিনীর পোশাক ও সশস্ত্র বাহিনীর প্রতীক তৈরির দায়িত্ব দেওয়ার বিষয়টি অগ্রহণযোগ্য। এটি যুক্তরাষ্ট্রের সর্বোত্তম আদর্শের পরিপন্থী এবং বিশ্বজুড়ে এই আদর্শ প্রচার ও প্রসারে নিয়োজিত সদস্যদের সেবার সঙ্গে অসংগতিপূর্ণ।চিঠিতে আরও বলা হয়, ‘সোফের সঙ্গে তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করায় মেরিন বাহিনীকে অভিনন্দন। তবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যুক্ত সব ঠিকাদারি প্রতিষ্ঠান ও লাইসেন্সধারীদের আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে অসমর্থ সব ধরনের দেশি-বিদেশি প্রতিষ্ঠানের চুক্তি ও লাইসেন্স বহাল না রাখার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আপনার প্রতি এই আহ্বান জানাচ্ছি। অগ্নিকাণ্ডে হতাহতের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। এ রকম ঘটনার পুনাবৃত্তি রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব।’