আশুলিয়ার তাজরীন অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নিজস্ব তদন্ত কমিটি। কারখানার মধ্যম সারির কর্মকর্তাদের দায়ী করার পাশাপাশি ভবন নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। কারখানার প্রথম তলায় অপরিকল্পিত গুদাম না থাকলে, এর চারপাশ দেয়াল দিয়ে ঘেরা থাকলে এবং প্রতিটি সিঁড়ি যদি বাইরে এসে শেষ হতো, তবে এত শ্রমিকের মৃত্যু হতো না বলে প্রতিবেদনে বলা হয়। বিজিএমইএ ভবনে আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় বিজিএমইএর সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, তদন্ত কমিটির আহ্বায়ক এস এম মান্নানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি সফিউল ইসলাম বলেন, ‘আমরা কাউকে বাঁচাতে বা দোষী সাব্যস্ত করতে চাই না। আমরা কেবল কিছু সূত্র দিতে চাই। তবে বাইরের নয়, কারখানার ভেতরের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকতর তদন্ত করলেই আগুন লাগার পেছনের কাহিনি বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। পাঁচ পাতার তদন্ত প্রতিবেদনে অনেক বিষয় উঠে এলেও তাজরীনের মালিকপক্ষের বিষয়ে একটি শব্দও নেই। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা সবার সঙ্গেই কথা বলেছি। কেউই আমাদের সন্দেহের বাইরে নয়। তবে আমরা চাই আসল ঘটনা প্রকাশিত হোক।’গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১১ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।