তাজরীনে অগ্নিকাণ্ডে আরেকজনের মৃত্যু
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ফাতেমা নামের এক নারী শ্রমিক মারা যান। গত ২৪ নভেম্বরের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১১২ জনে পৌঁছেছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি এস এম মান্নান এ তথ্য জানান। এস এম মান্নান জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৪৩ জনের পরিবারকে ছয় লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, এ প্রক্রিয়া চলমান। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সাপেক্ষে তাঁদের পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হবে। আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সমিতির আরেক সহসভাপতি ফারুক হাসান । এর আগে নিহত ১১১ জনের মধ্যে ৬০টি লাশের দাবিদার না থাকায় সেগুলো দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়। এর মধ্যে সাতটি লাশ স্বজনেরা বুঝে নেন। বাকি লাশগুলোর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচয়হীন লাশগুলো রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।