তাজরীনে দায়ীদের কোনো ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানায় তাজরীন ফ্যাশনসে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। আজ শনিবার বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি সংলাপে তিনি এই কথা বলেন।জি এম কাদের ছাড়াও এবারের সংলাপে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেকমন্ত্রী ওসমান ফারুক, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম এবং জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার উপস্থিত ছিলেন। সংলাপের শুরুতেই তাজরীন পোশাক কারখানার ঘটনায় দায়ীদের বিচার হবে কি না তা জানতে চান এক দর্শক। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে এসব ঘটনার বিচার না হওয়ায় অনেকেই এখন এই শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু বর্তমান সরকার দায়ীদের ছাড় দেবে না। ঘটনার তদন্ত হচ্ছে। তবে শাস্তি দেবেন আদালত। ওসমান ফারুক বলেন, শাস্তি হওয়া নিয়ে জনগনের মধ্যে শঙ্কা আছে। শিরীন আখতার বলেন, অতীতে বিচার হয়নি বলেই এই শঙ্কা। কিন্তু এবার এই ঘটনায় দায়ীদের সাজা পেতেই হবে। শফিউল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বিজিএমইএ ঘটনার তদন্ত করছে। ওই কারখানায় নিচের তলায় গুদাম থাকার কথা ছিল না। আর গুদামের কোনো নিরাপত্তা দেওয়ালও ছিল না। তবে আগুন লাগার পর সতর্ক সংকেত বেজেছিল। কিন্তু কিছু কর্মকর্তা কেন তাদের বের হতে দেয়নি। আমরাও চাই এই ঘটনার বিচার হোক। এই ঘটনার ফলে পোশাক রপ্তানিখাতে কি ধরনের প্রভাব পড়বে এবং তা কিভাবে মোকাবেলা করা হবে দর্শকদের এমন প্রশ্নের জবাবে সবাই একমত হয়ে বলেন, নেতিবাচক যে প্রভাব পড়বে ঐক্যবদ্ধভাবে তার সমাধান করতে হবে। খালেদা জিয়া আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ চেয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে মানুষ তাঁকে ভোট দেবে দর্শকদের এমন এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, বর্তমান সরকার ব্যর্থ। আর রাজনীতিবিদদের কাজ জনগণের কাছে ক্ষমতায় যাওয়ার জন্য আবেদন জানানো। এটি দোষের কিছু নয়। শিরীন আখতার বলেন, জঙ্গিবাদ, গ্রেনেড হামলা, দুর্নীতি এসব কারণেই জনগণ বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে। এখন আবার বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয় দিচ্ছে। আরেকবার ক্ষমতায় যেতে হলে অতীতের এসব ভুল বুঝতে হবে আর যুদ্ধাপরাধীদের ছাড়তে হবে। রাজনীতিবিদদের খারাপ কাজ করা উচিত নয়—এমন মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘বারবার কেনই বা খারাপ কাজ করব আর বারবার কেনই বা জনগণের কাছে যেতে হবে সেটি আমার জানা নেই’। পার্বত্য চুক্তি বাস্তবায়ন সম্পর্কে জানতে চান এক আদিবাসী নারী। জবাবে ওসমান ফারুক বলেন, এই চুক্তি বাস্তবায়নে এতো সময় লাগানো উচিত হয়নি। জিএম কাদের ও শিরিন আখতার বলেন, অতীতের সরকার এই চুক্তি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করছে।