তাজরীনে নিহত ৩৬ শ্রমিক পরিবারের কাছে চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে নিহত ৩৭ জনের মধ্যে ৩৬ জনের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে সাত লাখ টাকার চেক তুলে দেন তিনি। রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুর গ্রামে তুবা গ্রুপের তাজরীন কারখানায় গত বছরের ২৪ নভেম্বর আগুন লাগে। এতে নিহত ওই ৩৭ জন শ্রমিকের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। আজ অনুষ্ঠানে নিহত একজনের পরিবারের সদস্য অনুপস্থিত ছিলেন।চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতি শ্রমিকের পরিবারকে দুই লাখ করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এক লাখ করে, দুইটি বায়িং হাউসের পক্ষ থেকে এক লাখ করে, ব্যাংকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে এক লাখ করে এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ করে মোট সাত লাখ টাকার চেক দেওয়া হয়েছে। তাজরীনে রেহানা বেগম কাজ করতেন সহকারী অপারেটর হিসেবে। তাঁর ছেলে রাজু ইসলাম আজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মায়ের ক্ষতিপূরণ পাইলাম। সকালে প্রধানমন্ত্রী নিজের হাতে এ চেক হস্তান্তর করছেন।’নিলুফা বেগম কাজ করতেন সুইং অপারেটর হিসেবে। তাঁর স্বামী হেলাল মিয়া কৃষিকাজ করেন। আজ বিকেলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর হাত থেকে চেক নিয়া এখন দেশে (গ্রামের বাড়ি) যাইতেছি।’নিহত শ্রমিক পরিবারের সদস্যরা দেরিতে হলেও ক্ষতিপূরণের টাকার চেক হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।বিজিএমইএর কর্মকর্তা জগলুল হায়দার আজ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিহত ৩৭ জনের পরিবারের মধ্যে একজনের পরিবারের সদস্য অনুপস্থিত ছিলেন। সেই পরিবারের নামে চেক তৈরি আছে।৩ মে ‘প্রথম আলো’য় ‘৫ মাসেও ক্ষতিপূরণ পায়নি নিহত ৩৭ শ্রমিক পরিবার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।