তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘নাশকতা’ বলে উল্লেখ করেছে সরকার গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। কারণ, কারখানার যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তবে নাশকতার পেছনে কারা আছে, তা নির্ধারণের জন্য গোয়েন্দাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি করার সুপারিশ করা হয়েছে। এ ঘটনায় ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ নয়জনকে দায়ী করা হয়েছে। বেআইনিভাবে কারখানার নিচতলায় শ্রমিকদের চলাচলের পথ গোডাউন হিসেবে ব্যবহার করায় মালিকদের অভিযুক্ত করা হয়। আর ত্রুটিপূর্ণ নকশার জন্য দায়ী করা হয় প্রকৌশলীকে।গতকাল সোমবার সন্ধ্যায় ২১৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদের কাছে জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার। এতে পাঁচটি চূড়ান্ত ও ১৫টি সাধারণ সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অগ্নিকাণ্ডটি কোনো ‘স্বাভাবিক দুর্ঘটনা নয়’ উল্লেখ করে বলা হয়েছে, এ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত, বিস্তৃতি, পারিপার্শ্বিকতা থেকে প্রাণহানি পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে, নিশ্চিন্তপুর ট্র্যাজেডির পেছনে একটি অশুভশক্তির নাশকতামূলক তৎপরতা ছিল। গত ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার ওই অগ্নিকাণ্ডে ১১১ জন মারা গেছেন। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি নির্ধারিত সময়ে জমা দিয়েছি। এখন সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছি।’ তদন্তের ধরন বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন, কারখানা, গুদাম সরেজমিনে পরিদর্শন করে, মালামাল পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রত্যক্ষদর্শীদের লিখিত জবানবন্দি নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে। কমিটির সদস্যরা ছিলেন শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক মো. আবদুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) মো. আবদুস সালাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।নয়জন দায়ী: অগ্নিকাণ্ডের ঘটনায় তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার ছাড়া বাকি যাঁদের দায়ী করা হয়েছে তাঁরা হলেন: প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ, কারখানার ম্যানেজার আবদুর রাজ্জাক, কোয়ালিটি ম্যানেজার শাহীদুজ্জামান দুলাল, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন, সহকারী প্রোডাকশন ম্যানেজার সোহেল রানা, এজিএম হারুনুর রশীদ ও নিরাপত্তা ইনচার্জ আলামীন। প্রতিবেদনে বলা হয়, দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী এই বিশাল ভবনের মালিক। তাঁরা বেআইনিভাবে কারখানার নিচতলায় শ্রমিকদের চলাচলের পথ গুদাম হিসেবে ব্যবহার করেছেন। ভবনের নকশাও ত্রুটিপূর্ণ ছিল। এ জন্য দায়ী করা হয়েছে প্রকৌশলী মাহবুবুল মোর্শেদকে। এ ছাড়া অগ্নিকাণ্ডের পর কারখানা ত্যাগে বাধা দেওয়া, শ্রমিকদের ভবনে অবস্থান করতে বাধ্য করা এবং তাঁদের তালাবদ্ধ রেখে নিজেরা নিরাপদ দূরত্বে সটকে পড়ায় বাকি সাতজনকে দায়ী করা হয়।এত মৃত্যু যে কারণে: আগুন লেগে ১১১ শ্রমিকের মৃত্যুর জন্য কমিটি সাতটি কারণ চিহ্নিত করেছে। কারখানাটি শ্রমিকের কর্মপরিবেশ উপযোগী বা যথাযথ মান পরিপালনকারী (কমপ্লায়েন্ট) কারখানা ছিল না। ভবন তৈরিতে ন্যূনতম ‘ভবন নির্মাণ বিধিমালা’ অনুসরণ করা হয়নি। প্রকৌশলী যেভাবে নকশা করেছেন, তা পরিবেশ বা শ্রমবান্ধব হয়নি। কারখানায় অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ঘটনার দিন একটিও ব্যবহার করা হয়নি। সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে, আগুনের সতর্কসংকেত বাজার পরও কারখানার মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকেরা শ্রমিকদের কারখানা ত্যাগে বাধা দিয়েছেন, আগুনের তথ্য গোপন করে শত শত শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। ফলে প্রাথমিকভাবে আগুন দেখার পর তা নিয়ন্ত্রণের জন্য একদিকে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়নি, আবার অগ্নিকাণ্ডের প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া, সন্ধ্যা সাড়ে ছয়টায় কারখানায় আগুন লাগলেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় পরদিন ভোর পাঁচটা ২০ মিনিটে। পল্লী বিদ্যুৎ সমিতির মন্তব্য: পল্লী বিদ্যুৎ সমিতি তাদের দেওয়া প্রতিবেদনে জানায়, আগুনের সূত্রপাত নির্দিষ্ট কোথা থেকে এবং আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এ জন্য একটি বিশেষ কমিটির প্রয়োজন। তবে কারখানা থেকে ১৫ ফুট দূরে তাদের একটি মিটার ছিল, যা অক্ষত রয়েছে। ফায়ার সার্ভিস: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের বিষয়টি সঠিক পর্যালোচনা ও আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারেনি। তবে ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাস্থলে থাকা ইপিজেড স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, যেভাবে আগুন দেখা গেছে, তাতে তা রহস্যজনক মনে হয়েছে।সুপারিশ: এটি একটি অবহেলাজনিত মৃত্যুর ঘটনা। মালিকের অমার্জনীয় অবহেলা এর জন্য দায়ী। দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় দোষীদের আইনের আওতায় এনে বিচারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া, শ্রম আইন বাধ্যতামূলক করা, অগ্নিনির্বাপণ আইন বাস্তবায়ন, আইএলও বিধান অনুসরণ, ২৫ শতাংশ পোশাককর্মীর ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ থাকা, শ্রমিক ও মালিক নিবিড় সম্পর্ক রাখার সুপারিশ করা হয়েছে।