তাজরীনের অগ্নিনির্বাপণ-ব্যবস্থার নথিপত্র তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আগে ও পরবর্তী সময়ে অগ্নিনির্বাপণ ও নির্গমনব্যবস্থা-সংক্রান্ত সরকারের পরিদর্শন প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্টে। সেই সঙ্গে অগ্নিনির্বাপণ আইন-২০০৩-এর অধীনে পোশাক কারখানাটির যাবতীয় অনুমোদনসংক্রান্ত নথিপত্রও দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। সেইসঙ্গে রুলও জারি করেন। রুলে ওই পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অগ্নিনির্বাপণ আইন ২০০৩-এর ১৭ ধারা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। এ ছাড়া রুলে ওই কারখানায় অগ্নিকাণ্ড রোধে শ্রম আইন-২০০৬ এবং অগ্নিনির্বাপণ আইন-২০০৩-এর বিভিন্ন ধারা অনুসারে সরকারে বিভিন্ন বিভাগের দায়িত্ব অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, শ্রমসচিব, স্বরাষ্ট্রসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি ২৪ জানুয়ারি আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হন। ওই ঘটনায় সরকারের অবহেলা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমীন রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। রুল জারি ও আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী ইমতিয়াজ ফারুক প্রথম আলো ডটকমকে বলেন, অগ্নিনির্বাপণের অনুমোদন ও পরিদর্শনসংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। ২০০৩ সালের অগ্নিনির্বাপণ আইনের ১৭ ধারায় অগ্নিনির্বাপণ লাইসেন্স ব্যতিরেকে বা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কারখানা চালু রাখলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের কথা বলা আছে। প্রসঙ্গত, ওই ঘটনায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল¬াস্ট), নিজেরা করি ও ব্র্যাকের করা রিটের শুনানি নিয়ে গত বছরের ২৬ নভেম্বর হাইকোর্টের অপর একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। রুলে আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে ওই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে কমিটি গঠনের জন্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহীর কাছে নাম চাওয়া হয়। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানার তালিকা এবং কারখানাগুলোতে অগ্নিকাণ্ড রোধে কী পদক্ষেপ নেওয়া রয়েছে, সে বিষয়েও প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে দাখিল করতে বলা হয়।