তাজরীনের আরও তিন কর্মী গ্রেপ্তার
ঢাকার অদূরে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার কর্মীরা হলেন: সিকিউরিটি ইনচার্জ মো. আনিসুর রহমান, ভান্ডার কর্মকর্তা আল আমিন ও নিরাপত্তাকর্মী রানা।সিআইডির জ্যেষ্ঠ সহাকারী পুলিশ সুপার ও মামলাটির তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলী মণ্ডল প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে গ্রেপ্তারের পর তাজরীনের এই তিন কর্মীকে ঢাকায় সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত বছরের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেডে আগুন লাগে। এতে ১১২ জন নিহত ও শতাধিক কর্মী আহত হন। ঘটনার পরদিন ২৫ নভেম্বর অগ্নিকাণ্ড ও হত্যার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করা হয়। ওই মামলাটি এখন সিআইডি তদন্ত করছে।এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। গতকালের গ্রেপ্তার নিয়ে এ পর্যন্ত মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।