যথাযথ অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকায় তাজরীন ফ্যাশনসের ফায়ার লাইসেন্স নবায়ন করেনি ফায়ার সার্ভিস। গত ৩০ জুন ওই কারখানার ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জহুরুল আমিন প্রথম আলোকে বলেন, ৩০ জুন ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাজরীন ফ্যাশনসের কর্মকর্তারা ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট দপ্তরে লাইসেন্স নবায়নের জন্য এসেছিলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানাটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁরা অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত উপকরণ ওই কারখানায় পাননি। কারখানা কর্তৃপক্ষকে তাদের অগ্নিনিরাপত্তার ত্রুটিগুলো জানিয়ে সেগুলো সমাধান করে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়।ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাজরীনের ওই কারখানার ভেতরে পর্যাপ্ত এক্সটিংগুইশার ও আগুন নেভানোর জন্য পানির পাইপ (হোস রিল) ছিল। কিন্তু কারখানার জরুরি নির্গমন পথগুলো যথাযথ ছিল না। জরুরি নির্গমন পথ হিসেবে যে সিঁড়িগুলো দেখানো হচ্ছিল, সেগুলোর সবই কারখানার ভেতরের দিকে ছিল এবং এগুলোর শেষ মাথা গুদামের ভেতরে ও বাইরে এসে মিশেছে। এ ছাড়া কারখানার ভেতরে পর্যাপ্ত স্মোক ডিটেক্টর যন্ত্র ছিল না।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার লাইসেন্সের মেয়াদ থাকে এক বছর। প্রতিবছর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শনের পর ফায়ার লাইসেন্স নবায়ন করা হয়। তাজরীন ফ্যাশনস লিমিটেড প্রতিষ্ঠার সময় ভবনটি তিন তলা ছিল। তখন এটি ফায়ার লাইসেন্স নিয়েছিল। এরপর এটি আটতলা করা হলেও এর নিরাপত্তা উপকরণগুলো সেই অনুপাতে স্থাপন করা হয়নি।