তাজরীনের মালিককে গ্রেপ্তার সমাধান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আগুনে পুড়ে যাওয়া আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না।আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।গত বছরের ২৪ নভেম্বর ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে কেন গ্রেপ্তার করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যে সংবাদপত্রে কাজ করেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে আপনাকে গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হবে না।’তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের সম্ভাব্য ভূমিকা প্রসঙ্গে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি, তাজরীন বা তার কর্তৃপক্ষ যদি লাভবান হতেন, তাহলে সম্ভবত তাঁরা এটা (আগুন লাগানো) করতেন না। যে অঙ্কের বিমা ছিল, সেই বিমার নিরিখে সেখানে আগুন লাগানোর কোনো যৌক্তিকতা নেই।’তাজরীনে শ্রমিক নিহত হওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে মালিকের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে, কর্তৃপক্ষ বা তার কোনো এজেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি জড়িত থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা নাশকতা-তত্পরতার কোনো প্রমাণ পাইনি।’গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে স্মার্ট এক্সপোর্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড সম্পর্কে মন্ত্রী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে। এর জন্য কে দায়ী, তা তদন্ত করার পর বলা যাবে।স্মার্ট এক্সপোর্ট লিমিটেডে অগ্নিকাণ্ডে সাত নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত বছরের চেয়ে চলতি বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।