তাজরীনের মালিককে গ্রেপ্তারের পরামর্শ
পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তদন্ত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, বিজিএমইএর প্রতিবেদনে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কমিটি দ্রুত তাজরীনের মালিককে গ্রেপ্তারসহ তাঁর বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। একই সঙ্গে তাজরীন ফ্যাশনসের যেসব শ্রমিকের এখনো চাকরি হয়নি, তাঁদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে বলা হয়েছে।সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে সদস্যরা তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের প্রতিষ্ঠান বিজিএমইএর তদন্ত প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেছেন, মালিকপক্ষ এই অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না। তাজরীন ফ্যাশনসের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। কমিটি দ্রুত শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রথম আলো ডটকমকে বলেন, তাজরীনে অগ্নিকাণ্ডের পর যথেষ্ট সময় পার হয়েছে। এ নিয়ে কারখানাটির মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফৌজদারি ও শ্রম আইনে দুটি মামলা হয়েছে। অথচ প্রশাসন এখনো তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কমিটি মনে করছে, এ দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা উচিত। ইসরাফিল আলম আরও বলেন, বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে মালিকপক্ষকে বাঁচানোর জন্য একতরফাভাবে প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেখানে সরকার তদন্ত করছে, সেখানে তাঁদের তদন্ত কমিটি গঠনের কোনো প্রয়োজন ছিল না। কমিটি হল-মার্ক গ্রুপের ১৮ হাজার কর্মীকে বেতন-ভাতা দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। ইসরাফিল আলম বলেন, ‘হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আটক থাকলেও তাঁদের সম্পদ তো আটক নেই।’ ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মণ্ডল, জাকির হোসেন ও রওশন জাহান অংশ নেন।