তাজা প্রাণগুলো ঝরে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৪৮ সাল। বিএ পাস করেছি সবে। অফুরন্ত সময় হাতে। মার্চের দ্বিতীয় সপ্তাহে হঠাত্ শুনলাম, কায়েদে আজম জিন্নাহ, তত্কালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের নেতা, ঢাকায় আসছেন। কী কারণে তিনি আসছেন, তা আমাদের কারও জানা নেই। আমি ফজলুল হক হলে থাকি। দু-চারজনের সঙ্গে কথা বলি, কিন্তু কেউই কিছু জানে না।জিন্নাহ ঢাকায় এলেন। ২১ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার আয়োজন করা হলো। এরই মধ্যে শুনলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার ভাইস চ্যান্সেলর ড. হাসান দেখা করেছেন জিন্নাহর সঙ্গে। ড. হাসান নাকি জিন্নাহকে বলেছেন, ‘আপনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। যদি অনুমতি দেন, তাহলে সমাবর্তনের আয়োজন করি।’ জিন্নাহ সম্মতি দিলেন। ২৪ মার্চ কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠিত হবে। যাঁরা পাস করেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে জরুরি ভিত্তিতে খবর দেওয়া হলো। সবাইকে ২০ টাকা করে জমা দিয়ে সমাবর্তনের পোশাক সংগ্রহ করে নিতে বলা হলো।আমি এবং আমার দু-চারজন বন্ধু মিলে প্রথমে গেলাম রেসকোর্স ময়দানে। অনেক মানুষ, সবাই এসেছে জিন্নাহর বক্তব্য শুনতে। তিনি প্রথমে অবিভক্ত পাকিস্তানের কথা বললেন। সেই সঙ্গে একটি রাষ্ট্রভাষার কথা বললেন। আমি চিত্কার করে প্রতিবাদ জানাতে চাইতেই বন্ধুরা আমার মুখ চেপে ধরে বলল, ‘এখানে তেমন কিছু করলে তুই তো বাঁচতে পারবিই না, আমরাও আর কেউ ফিরে যেতে পারব না।’এরই মধ্যে আমরা লক্ষ করলাম, বেশ হট্টগোল শুরু হয়ে গেল। কেউ আর কারও কথা শুনছে না। অনুষ্ঠানের সমাপ্তি টানা হলো দ্রুতই।সন্ধ্যার পর আবাসিক হলে ফিরে এলাম। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, জিন্নাহর আসার উদ্দেশ্য আসলে কী? মনে হলো, জিন্নাহ আজকে যা বলতে পারলেন না, তা নিশ্চয়ই সমাবর্তন অনুষ্ঠানে বলবেন। সেখানে যাব। যদি তিনি অন্যায্য কিছু বলেন, তাহলে প্রতিবাদ করব। এই সিদ্ধান্ত ওই ২১ মার্চ রাতেই নিলাম। কারও সঙ্গে কোনো কথা বলিনি। কারণ, প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা আমাদের উদ্দেশ্য জেনে গেলে সমাবর্তনের দিন যদি কেউ জিন্নাহকে যথাযথ সম্মান না দেখায় বা সামান্য বিদ্রুপ করে, তবে এর ফল হবে খুবই খারাপ।২২ ও ২৩ মার্চ খবরের কাগজ পড়ে জানার চেষ্টা করলাম, এ দুই দিনে জিন্নাহ কোথায়, কী বললেন। দেখলাম, সেরকমভাবে আর কোনো কথা বলেননি। ২৩ তারিখ ২০ টাকা জমা দিয়ে সমাবর্তনে যাওয়ার পোশাকটা নিলাম। ২৪ মার্চ সকাল সাড়ে ১০টার মধ্যেই সমাবর্তনস্থলে চলে গেলাম। ১১টার দিকে জিন্নাহ সাহেব এলেন। সবাই অপেক্ষা করছেন জিন্নাহর কথা শোনার জন্য। জিন্নাহ সাহেব আবার সেই একই কথা বললেন। ‘একটি দেশের জন্য রাষ্ট্রভাষা খুবই জরুরি বিষয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়।’ সঙ্গে সঙ্গে আমি ‘নো নো’ বলে উচ্চ স্বরে আওয়াজ শুরু করলাম। দেখলাম, আমার সঙ্গে সঙ্গে সব শিক্ষার্থী একই আওয়াজ তুললেন।আমি আমার আসনের ওপর দাঁড়ালাম। বললাম, স্যার, আমাকে একটু বলার সুযোগ দিন। জিন্নাহ কিছুই বললেন না। আমি তখন বললাম, শতকরা ২২ ভাগ মানুষ উর্দুতে কথা বলে, আর শতকরা ৫৬ ভাগ মানুষ বাংলায় কথা বলে। সেখানে কি ৫৬ ভাগ মানুষ তার নিজের ভাষা বাদ দিয়ে ২২ ভাগ মানুষের ভাষাকে মেনে নেবে? তারপর সব শিক্ষার্থীর উদ্দেশে বললাম, আপনারা কি এটা মানবেন? সবাই চিত্কার করে বললেন, না। আমরা বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে চাই।অবস্থা বেগতিক দেখে জিন্নাহর নিরাপত্তা কর্মকর্তারা তাঁর কাছে ছুটে গেলেন। সমাবর্তনস্থল ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। জিন্নাহ প্রথমে রাজি হলেন না। কিন্তু আস্তে আস্তে হট্টগোল এতটাই বাড়তে থাকে যে পেছনের দরজা দিয়ে ৪০ জন নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা জিন্নাহকে নিয়ে চলে যান।এভাবেই সেই কার্জন হলের সমাবর্তনের স্থান থেকেই আসলে ভাষা আন্দোলনের শুরু হয়েছিল। আস্তে আস্তে চারদিকে বিষয়টি ছড়াতে থাকে। তমদ্দুন মজলিস হটানো হলো। এই দাবি জোরালোভাবে তুলে ধরা হলো। এভাবেই ’৪৯, ’৫০, ’৫১—এই তিনটি বছর কেটে যায়। রাষ্ট্রভাষা বাংলা হবে—তখন এটা ছিল সবার প্রাণের দাবি।এরই মধ্যে ১৯৫০ সালে বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন হলো। যাঁরা নিম্ন পদে চাকরি করতেন, তাঁরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন শুরু করলেন। আমরা সাধারণ ছাত্ররা সেই আন্দোলনে সমর্থন দিলাম। এ জন্য আমাকে জেলে নেওয়া হলো। আমার মতো আরও অনেককেই জেলে নেওয়া হয়। জেলখানাতেই বসে শুনলাম সিএসএফআর পরীক্ষার ফলাফল। আমাকে জানানো হলো, খুব ভালো ফল করেছি আমি। একটি ভালো চাকরির অফার করা হলো। কিন্তু আমার কাছে মনে হলো, এটি একটি দাসত্বের কাজ। চাকরির অফার ফিরিয়ে দিলাম। জেল থেকে বেরিয়ে আসার পর গঠন হলো ছাত্র সংগ্রাম পরিষদ। আমাকে আহ্বায়ক বানানো হলো।’৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি বেশ জোরালোভাবেই উঠল। সাধারণ ছাত্ররা বারবার আমাদের কাছে কর্মসূচি চাইছিলেন। আমরা ১ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি নানা রকম কর্মসূচিই দিয়েছি। ১৪৪ ধারা জারির ঘোষণা এল। ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙা হবে কি না, তা নিয়ে আমাদের মধ্যে দুটি মত দেখা দিল। আমরা চারজন ১৪৪ ধারা ভাঙার পক্ষে মত দিলাম। অন্যরা ভিন্নমত পোষণ করলেন। সিদ্ধান্ত হলো, পরদিন সাধারণ ছাত্ররা আমতলার সভায় সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমতলায় গেলাম। সাধারণ ছাত্রদের কাছে জানতে চাইলাম, আমরা কী করব? প্রায় সবাই ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার সিদ্ধান্ত নিলেন। আমরা প্রথমে বললাম, ১০ জন করে ভাগ হয়ে বেরোব। কিন্তু ক্ষোভে ফেটে পড়া ছাত্ররা তা মানলেন না। তাঁরা জানিয়ে দিলেন, ১৪৪ ধারা যখন ভঙ্গ করে মিছিল করব, তখন সবাই মিলেই একসঙ্গে বেরোব। অনেকটা বারুদের মতো সবাই যেন জ্বলে উঠলেন। মিছিল বেরোল। সেই মিছিলে গুলি হলো। কয়েকজন শহীদ হলেন। তাজা প্রাণগুলো ঝরে গেল। এভাবেই আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেলাম।আব্দুল মতিন: ভাষাসৈনিক