তাজিকিস্তানে ১২ সেনাসহ নিহত ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে গতকাল মঙ্গলবার বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে ১২ সেনাসহ অন্তত ৪২ জন নিহত হয়েছে। অসমর্থিত সূত্র হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসির খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গত শনিবার তাজিকিস্তানের নিরাপত্তাবাহিনীর শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনার পর দেশটির সেনাবাহিনীর সঙ্গে দূরবর্তী গোর্নো-বাদাখশান প্রদেশে সরকার বিদ্রোহীদের এই সহিংসতার ঘটনা ঘটে। সেনাসদস্যরা স্থানীয় বিরোধীদের শক্তিশালী নেতা তলিব আয়োমবেকভের বিরুদ্ধে এ অভিযান চালান।গোর্নো-বাদাখশানের রাজধানী খোরগের বাসিন্দারা বিবিসিকে জানায়, তাদের শহরটি এখন যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। সহিংস ঘটনার পর প্রদেশটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। শহরটির রাস্তায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত যান দেখা গেছে। বহু লোক ঘরবাড়িতে আটকা পড়েছে। সহিংসতায় বহু লোক আহত হয়।তাজিকিস্তানের রাজধানী দুশানবের এক হাসপাতালে আহত ব্যক্তিদের অনেককেই চিকিত্সা দেওয়া হচ্ছে। ওই হাসপাতালের এক কর্মকর্তা জানান, সহিংসতায় নিহতের সংখ্যা দুই শতাধিক হতে পারে। এর মধ্যে শতাধিক সেনাসদস্য ও প্রায় ১০০ জন বেসামরিক লোক থাকতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সহিংসতায় প্রায় ৬০ জন আহত হন।রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গতকাল পুলিশ আটজন আফগানসহ ৪০ সশস্ত্র ব্যক্তিকে আটক করে। খোরগে অভিযানের সময় ২৩ সেনাসদস্য আহত হন। কিন্তু কোনো বেসামরিক লোক নিহত হয়নি। নিরাপত্তাবাহিনী বলেছে, বিদ্রোহী নেতা আত্মসমর্পণ করতে অস্বীকার করায় তারা শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। তাজিকিস্তানে নব্বই দশকে গৃহযুদ্ধ চলাকালে বিরোধী পক্ষের সদস্য ছিলেন আয়োমবেকভ।