তাজের পদত্যাগ প্রমাণ করে সরকার ব্যর্থ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, সরকারের অব্যাহত সন্ত্রাস, হত্যা, গুম, নির্যাতন হামলা-মামলাসহ সব ব্যর্থতার জবাব কাপাসিয়ার আসন্ন উপনির্বাচনের মাধ্যমে দেবে। সোহেল তাজ সরকারের ব্যর্থতার দায়ভার নেবে না বলেই পদত্যাগ করেছেন। তাঁর এই পদত্যাগই প্রমাণ করে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই তিনি বুঝতে পেরে আগে-ভাগে কেটে পড়েছেন। বিশ্বব্যাংক সরকারের কপালে যে কালিমা লেপন করেছেন, তার দায়ভার জনগণ নেবে না। গাজীপুরের কাপাসিয়া উপজেলার সাফাইশ্রী এলাকায় আজ শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে এক সভায় নেতা-কর্মীদের উদ্দেশে হান্নান শাহ এসব কথা বলেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, দলের হাইকমান্ডের সবুজ-সংকেত পেয়েই এবং দলের তৃণমূল পর্যায়ের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান প্রমুখ।সভায় উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।