তাজের পদত্যাগে কষ্ট পেয়েছেন প্রধানমন্ত্রী!
তানজিম আহমেদ সোহেল তাজের সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের বিষয়টি ঝুলে থাকতে পারে। আইনি জটিলতা দেখিয়ে তা গ্রহণ করার সম্ভাবনা নেই। সরকারের সর্বোচ্চ পর্যায়ের এমন মতামত বলে জানা গেছে। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের করলেও এখনো তা গ্রহণ করা হয়নি।আজ বুধবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেষ্ঠ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় সোহেল তাজের পদত্যাগ, ইলিয়াস আলীর নিখোঁজসহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়। একাধিক দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে।সূত্র জানায়, প্রধানমন্ত্রী সোহেল তাজের পদত্যাগে কষ্ট পেয়েছেন। আলোচনাকালে তিনি বলেন, ‘সে একজন নেতার ছেলে। তাঁকে আগলে রাখতে চেয়েছিলাম। কিন্তু সেটা আর হলো না।’আলোচনায় সোহেল তাজের পদত্যাগের বিষয়টি নিয়ে আইনগত ত্রুটির কথা বলা হয়। পদত্যাগ করতে হলে তাঁকে সশরীরে এসে পদত্যাগ করতে হবে। এভাবে পদত্যাগপত্র গ্রহণ আইনসিদ্ধ হবে না বলে বৈঠকে কথা হয়। তবে এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আরও আলোচনা হবে বলে জানা গেছে। তা ছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, স্পিকার চিন্তা-ভাবনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।