তাদের চিন্তা সেনাবাহিনীকে দিয়ে অঘটন ঘটানো : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি। আর তাদের চিন্তা সেনাবাহিনীকে দিয়ে অঘটন ঘটানো যায় কি না।’আজ শনিবার গণভবনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকেই প্রধান বিরোধী দল বিএনপি শান্তিতে থাকতে দেবে না বলছে। সরকারকে সময় বেঁধে দিচ্ছে। তিনি ডিসেম্বরে সরকার পতন হবে বলে আগেই ঘোষণা দিয়েছেন। তাঁদের সেই ষড়যন্ত্র ধরা পড়েছে।’শেখ হাসিনা বলেন, বিএনপির নির্বাচন মানেই সন্ত্রাস, ভোট চুরি আর ভোট ডাকাতি। প্রধানমন্ত্রী বলেন, ’৮৬ সালের নির্বাচনে ১৫ ও ৭ দলের জোটের নেতৃত্বে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া সে সময় বায়তুল মোকাররমের জনসভায় সিপাহি-জনতাকে বেরিয়ে আসার ডাক দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যান। তিনি বলেন, সে সময় সিপাহিরাও বের হয়নি। জনতাও বের হয়নি।প্রধানমন্ত্রী আরও বলেন, পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনা সবাই থামাতে চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সেখানে যায়নি। তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সবই শান্তিপূর্ণভাবে হয়েছে। কেউ অভিযোগ করেনি। শেখ হাসিনা বলেন, সরকারি দলের প্রার্থীকে জেতাতেই হবে—সরকার এমন মনোভাব দেখায়নি। জনগণের ক্ষমতা তাদের হাতে ছেড়ে দিয়েছে। জনগণ তাদের অধিকার ভোগ করেছে। বিএনপি-জামায়াত জোটের শাসনামলে উপনির্বাচনে যে ভোট কারচুপি হয়েছে, তা ভোলার নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।