হেফাজতে ইসলামের তোলা দাবিগুলোর যে শুধু যৌক্তিকতা নেই তা নয়, নৈতিক অবস্থানের দিক দিয়েও দাবিগুলো দুর্বল। দেশের সংবিধানের মৌলিক চেতনা, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক যেসব আইন ও কনভেনশনে বাংলাদেশ সই করেছে, হেফাজতের দাবিগুলো এসব কিছুর বিরোধী।মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মূল চেতনাই হচ্ছে সব ধরনের বৈষম্যের অবসান। এই চেতনা বাস্তবায়নের জন্যই মুক্তিযুদ্ধের নয় মাসে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। এ ছাড়া ১৯৫২ সাল থেকে সংগ্রাম করে এসেছে। এর মধ্যে কোনো দিন এ দেশের মানুষ ওই চেতনা থেকে নিজেদের বিচ্ছিন্ন করেনি।গত জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটার ওই চেতনার পক্ষে ভোট দিয়েছে। তারা ভোট দিয়েছে নারী-পুরুষ ও ধর্মবর্ণ-নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। গত নির্বাচনে আরও একটি বিষয় স্পষ্টভাবে দেখা গেছে। মানুষ চেয়েছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের মাধ্যমে কিছু কিছু লোকের আইনের ঊর্ধ্বে থাকার সংস্কৃতির অবসান ঘটুক।হেফাজতে ইসলাম যেসব দাবি তুলেছে, তা দেশবাসীর ওই আকাঙ্ক্ষার বিপরীত। তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য নতুন আইন প্রণয়নের যে দাবি তুলেছে, সে প্রসঙ্গে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্য ও অবস্থান অত্যন্ত স্পষ্ট।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা