সেরা দল নিয়ে বিশ্বকাপে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে চুয়ান্নর হাঙ্গেরি, চুয়াত্তরের হল্যান্ড ও বিরাশির ব্রাজিলকে। তাদের বিশ্বকাপ জিততে না পারার এই গল্প জানিয়েছেন আরিফুল ইসলাম
তাদের দুঃখগাথা
হাঙ্গেরি, ১৯৫৪এখন বিশ্বফুটবলে বড় কোনো নাম নয়, কিন্তু পঞ্চাশ দশকের হাঙ্গেরি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক। রাশিয়া ও আলবেনিয়াকে ১২-০ গোলে কিংবা ফ্রান্সকে ১৩-১ গোলে হারানো, প্রায়ই প্রতিপক্ষকে এভাবে লজ্জায় ডোবাত তারা।১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপে হাঙ্গেরি খেলতে গিয়েছিল টানা চার বছর ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সঙ্গী করে। দুই বছর আগে জিতেছিল অলিম্পিক সোনা। তবে সবচেয়ে বড় কীর্তিটা বোধহয় ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৫৩-র ২৫ নভেম্বর ওয়েম্বলির সেই ম্যাচ। নিজেদের দেশে এর আগে কখনো হারেনি ইংলিশরা। সেই দর্প চূর্ণ করে হাঙ্গেরি জেতে ৬-৩ গোলে। এটিকে যাঁরা ‘ফ্লুক’ ভেবেছিলেন, মাস দুয়েক পর জবাব পেয়ে যান তাঁরা। ফিরতি ম্যাচে ৭-১ গোলে জেতে হাঙ্গেরি, যেটি এখনো পর্যন্ত ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়।ন্যান্দর হিদেকুটি, স্যান্দর ককসিস, জোসেফ বজসিক, জোলতান জিবর আর ফেরেঙ্ক পুসকাসদের মতো অসাধারণ সব ফুটবলারকে নিয়ে গড়া দলটি ফুটবলের সংজ্ঞাই পাল্টে দিয়েছিল, ফুটবল মানে তাদের কাছে ছিল স্রেফ আক্রমণ। পুসকাস হাঙ্গেরির সর্বকালের সেরা তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার। অবিশ্বাস্য নৈপুণ্যের জন্য দলটির নামই হয়ে যায় ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ (জাদুকর হাঙ্গেরিয়ানরা)। অথচ এই দলটি বিশ্বকাপ জিততে পারল না!অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত ছিল বিশ্বকাপেও। গ্রুপ পর্বের দুই ম্যাচে গোল করেছিল তারা ১৭টি, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালে পুসকাসকে ছাড়াই আরও আটটি। পশ্চিম জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বে ইনজুরিতে পড়া পুসকাস ফাইনালে মাঠে নেমেছিলেন পুরো ফিট না হয়েও। তার পরও মিনিট আটেকের মধ্যে এক গোল করে, আরেক গোল করিয়ে দলকে যখন দুই গোলে এগিয়ে নেন, হাঙ্গেরির শিরোপা জয়টাকে মনে হচ্ছিল স্রেফ আনুষ্ঠানিকতা। কিন্তু জার্মানরা যে হারার আগে হারে না! ১০ মিনিটে ম্যাক্স মরলক ও ১৮ মিনিটে হেলমুট রানের গোলে সমতা ফেরায় তারা। আর এগিয়ে যায় ৮৪ মিনিটে রানের দ্বিতীয় গোলে। চেষ্টা কম করেননি ম্যাগিয়ার্সরা। হিদেকুটির শট পোস্টে লেগে ফিরে আসে, ককসিসের শট লাগে বারে, অবিশ্বাস্য কিছু সেভ করেন টনি টুরেক। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে জাল খুঁজে পেয়েছিলেন পুসকাস, কিন্তু অফসাইডের পতাকা তোলেন ওয়েলস লাইন্সম্যান মারভিন গ্রিফিথস।ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়েছিলেন পুসকাস, কিন্তু লাভ কিছু হয়নি। জুলে রিমে ট্রফি নিয়ে ততক্ষণে উল্লাসে মাতোয়ারা জার্মানরা। হাঙ্গেরিয়ানরা কখনোই গ্রিফিথসকে ক্ষমা করেনি। করবেই বা কীভাবে? ওই একটা সিদ্ধান্তেই যে ফুটবলের হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে পড়ে। ওই পরাজয়ের পর হাঙ্গেরিয়ান ফুটবল আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি। অন্যদিকে, গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৩-৮ গোলে হারা পশ্চিম জার্মানি এই ফাইনালকে ‘দ্য মিরাকল অব বার্ন’ নাম দিয়ে এগিয়ে যায় আরও অনেক সাফল্যের দিকে।হল্যান্ড, ১৯৭৪হল্যান্ডের ১৯৭৪ বিশ্বকাপ না জেতার বিস্ময়ের সঙ্গে একমাত্র ১৯৫৪-তে হাঙ্গেরির না জেতারই তুলনা চলে। সুইজারল্যান্ডে হাঙ্গেরির মতো পশ্চিম জার্মানিতে হল্যান্ডকে চ্যাম্পিয়ন ধরে নিয়েই শুরু হয়েছিল বিশ্বকাপ। ফুটবলের সব অতীত ধ্যান-ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ নতুন ধারার এক ফুটবল খেলতে শুরু করে ডাচরা।১৯৭৪-এর বিশ্বকাপটি হল্যান্ডের না-জেতার কোনো কারণ ছিল না। অভূতপূর্ব টোটাল ফুটবলের বিস্ময়কর প্রদর্শনীতে বিমোহিত করেছিল তারা পুরো বিশ্বকে। কারও কোনো নির্দিষ্ট পজিশন নেই, আক্রমণ-রক্ষণ সবাই করবে সমন্বিতভাবে, নতুন ধারার এই ফুটবলের নাম ‘টোটাল ফুটবল’। সেই দলের কোচ রাইনাস মিশেলসকে বলা হয় টোটাল ফুটবলের জনক, যদিও নামটা দিয়েছিলেন এক সাংবাদিক, মিশেলস বলতেন ‘প্রেসিং ফুটবল’।এখন পর্যন্ত বিশ্বফুটবলের সবচেয়ে বড় আলোড়ন আর জাগরণের নাম টোটাল ফুটবল। বিশ্বকাপ মাথায় রেখেই এই স্টাইলটার মহড়া চালিয়ে যান তিনি আয়াক্স আমস্টারডামে। তারই সফল বাস্তবায়ন ঘটান বিশ্বকাপে। তবে এটাও তো ঠিক, ইয়োহান ক্রুইফ, ইয়োহান নিসকেন্স, অঁরি হানদের মতো খেলোয়াড় পেয়েছিলেন বলেই রাইনাস মিশেলসের টোটাল ফুটবল কার্যকর হতে পেরেছিল। টোটাল ফুটবলে যদিও কারও নির্দিষ্ট ভূমিকা নেই, তার পরও ক্রুইফই ছিলেন দলের প্রাণভোমরা। মাঠে তাঁর উপস্থিতি ছিল রাজার মতো, বল পায়ে এমন এক টার্ন আবিষ্কার করেছিলেন, যাতে ডিফেন্ডার কিছু বুঝে ওঠার আগেই পেছনে পড়ে যেতেন। ফুটবলে যেটি ‘ক্রুইফস টার্ন’ বলে বিখ্যাত হয়ে আছে।উরুগুয়ে ও বুলগেরিয়াকে হারিয়ে ও সুইডেনের সঙ্গে ড্র করে দ্বিতীয় রাউন্ডে ওঠে হল্যান্ড, তাঁদের সেরাটা দেখা যায় এই পর্বেই। আর্জেন্টিনাকে হারায় তাঁরা ৪-০ গোলে, ব্রাজিল ও পশ্চিম জার্মানিকে ২-০ গোলে। হল্যান্ড যখন ফাইনালে উঠল, প্রতিপক্ষ ছাড়া বিশ্বের আর কেউ তাদের পরাজয় কামনা করেনি। কিন্তু সেই ৫৪-র হাঙ্গেরির মতো হল্যান্ডও টপকাতে পারেনি জার্মান দেয়াল। হারের ধরনেও অদ্ভুত মিল, হারতে হয়েছে এগিয়ে গিয়েও। নিসকেন্সের পেনাল্টি গোলে হল্যান্ড যখন এগিয়ে যায়, জার্মানরা তখন বলে পা ছোঁয়াতেও পারেনি। কিন্তু জয় হয় আবারও জার্মানদের চোয়ালবদ্ধ মানসিকতার, ২৫ মিনিটে ব্রেইটনারের গোলে সমতা ফেরার পর জয় আসে জার্ড মুলারের ৪৩ মিনিটের গোলে।অনেকেরই বিশ্বাস, কৌশলে মার খেয়েও তীরে গিয়ে তরি ডুবিয়েছিল হল্যান্ড। অন্তত ফাইনালের মতো ম্যাচে অতি আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে একটু আপস করা উচিত। পেলে তো দোষেন ক্রুইফকেই, ‘কেন সে (ক্রুইফ) সারা মাঠে ছড়িয়ে একটু বেশি বেশি খেলা দেখাতে গেল? ওর উচিত ছিল আরেকটু ধীরস্থির থাকা।’ব্রাজিল, ১৯৮২সাদা চোখে দেখলে অবাক লাগতে পারে, বিস্ময় জাগাতে পারে পরিসংখ্যানও। একটা দল বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে পারেনি, পারেনি কোনো ট্রফিও জিততে। অথচ এই দলটাই কিনা সর্বকালের অন্যতম সেরা! অন্যতম নয়, অনেকের কাছে এই দল সর্বকালেরই সেরা। এগিয়ে এমনকি ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের চেয়েও।ব্রাজিলের ফুটবল বললেই যে সবার আগে সৌন্দর্যটার কথাই মনে আসে কিংবা ব্রাজিলের ফুটবলে সেই সৌন্দর্য নেই বলে যে হাহাকার, সবকিছু তো এই ১৯৮২ বিশ্বকাপের দলটার জন্যই! কী অসাধারণ সব ফুটবলারই না ছিলেন সেই দলে—‘সাদা পেলে’ জিকো, সে সময় ছিলেন আসল পেলের পর ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা, রোমার হয়ে দারুণ সব সাফল্যের জন্য ‘কিং অব রোম’ উপাধি পেয়ে যাওয়া ফ্যালকাও, ছিলেন সক্রেটিস, শুধু নামে নয়, দেখতেও যিনি ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিকের মতো, কিন্তু প্রতিভার সঙ্গে বুদ্ধিমত্তা মিলিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়, টনিনহো সেরেজো, দুর্দান্ত স্ট্যামিনার জন্য যার সম্পর্কে বলা হতো বাড়তি একটা ফুসফুস আছে। আর ছিলেন কোচ টেলে সান্টানা, যাঁর কাছে সৌন্দর্যই ফুটবলের শেষ কথা।শেষ পর্যন্ত খেসারত দিতে হয়েছিল সান্টানার এই সুন্দর ফুটবলের পূজার জন্যই। গ্রুপ পর্বে সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ১০ গোল করা ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে হারিয়েছিল ৩-১ গোলে। শেষ চারে যাওয়ার জন্য ইতালির বিপক্ষে শেষ ম্যাচে প্রয়োজন ছিল স্রেফ একটি ড্র। অতি আক্রমণাত্মক মানসিকতা ও পাওলো রসির হঠাৎ অতিমানব হয়ে ওঠা। ৫ মিনিটে রসির করা গোল ১২ মিনিটে শোধ করে দিয়েছিলেন সক্রেটিস। বাজে ডিফেন্ডিংয়ের জন্য ২৫ মিনিটে আবার ইতালিকে এগিয়ে দেন রসি, অনেক চেষ্টার পর ৬৮ মিনিটে সমতা ফেরান ফ্যালকাও। খেলার বাকি ছিল মাত্র ২২ মিনিট, রক্ষণাত্মক খেলে সময়টুকু কাটিয়ে দিলেই হতো। কিন্তু সান্টা কৌশল একটু পাল্টাননি, অতি আক্রমণাত্মকই খেলে যান। ৭৪ মিনিটে রসির তৃতীয় গোলে থেমে যায় স্বপ্নের দলের স্বপ্নযাত্রা। হারের পর সব দায়ভার নিজের মাথায় নিয়ে পদত্যাগ করেন সান্টানা।সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়, কিন্তু সেই সৌন্দর্য সাফল্য আনতে ব্যর্থ হলে দিনশেষে বুকে বিঁধে অতৃপ্তির কাঁটা। তবে সাফল্যটাই কি শেষ কথা? তা-ই যদি হতো, তাহলে জিকো-ফ্যালকাওরা মানুষের হূদয়ে এখনো আছেন কী করে!