তাদের দ্রুত শাস্তি হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ওই ছাত্রীর ওপর যারা অ্যাসিড ছুড়েছে, তাদের দ্রুত বিচার ও শাস্তি হওয়া উচিত। অপরাধীদের শুধু শাস্তি দিলেই চলবে না, অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ বেলা সোয়া দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ইডেন কলেজের অ্যাসিডদগ্ধ ছাত্রীর শারীরিক অবস্থা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ওই ছাত্রীর সুচিকিত্সায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকদের নির্দেশ দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে তিনি কথা বলবেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন ও ইডেন কলেজের অধ্যক্ষ রওশন জাহান। এদিকে ছাত্রীর ওপর হামলাকারীদের বিচার ও শাস্তির দাবিতে বিকেলে ইডেন কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।