তাদের শিক্ষা দিতেই নাম পরিবর্তন: শেখ হাসিনা
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনে সরকারি পদক্ষেপের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাম পরিবর্তন করেছিল তাদের শিক্ষা দিতেই এই নাম পরিবর্তন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন। খবর ইউএনবি ও বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট কয়েক শ সরকারি স্থাপনার নাম পরিবর্তন করেছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওই সব স্থাপনা তৈরি ও নামকরণ করা হয়েছিল।শেখ হাসিনা বলেন, ‘তারা (চারদলীয় জোট) কি এ কথা ভাবেনি যে তাদের সরকারই শেষ সরকার নয়।’ নাম পরিবর্তনের প্রশ্নে সরকারের অবস্থান অনড় জানিয়ে তিনি বলেন, ‘যাদের এখনো শিক্ষা হয়নি, তাদের শিক্ষা হওয়া উচিত।’বিএনপির নেতৃত্বাধীন সরকার দুই থেকে আড়াই শ স্থাপনার নাম পরিবর্তন করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মাত্র কয়েকটি স্থাপনার নাম পরিবর্তন করেছি, এতেই তাদের অন্তর্জ্বালা শুরু হয়েছে। আর আমরা যদি দুই-আড়াই শ স্থাপনার নাম পরিবর্তন করি, তখন তারা কী করবে? তাদের শিক্ষা নিতে দিন।’প্রধানমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন দেশের মানুষকে শিখিয়েছে কীভাবে নিজেদের মৌলিক অধিকার আদায় করতে হয়। ভাষা আন্দোলনে আমাদের মহান আত্মত্যাগের ইতিহাস আমরা বিশ্বের কাছে তুলে ধরব।’শেখ হাসিনা জানান, একুশে ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট উদ্বোধন করবেন। সেখানে বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা হবে। এ ক্ষেত্রে তিনি আগের দফায় ক্ষমতায় থাকার সময় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁর গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন।প্রধানমন্ত্রী জানান, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পরপরই তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু করেছিলেন। তবে পরে বিএনপির সরকার ক্ষমতায় এসে কাজ বন্ধ করে দেয়। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আজ আর শুধু এ দেশের মানুষের নয়, বিশ্বের সব দেশের মানুষের।’ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে দিন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি বারবার জেলে গিয়েছেন। আমরা পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু কখনোই তিনি অধিকার আদায়ের প্রশ্নে আপস করেননি।’শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষকেরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির জনককে হত্যার পর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা চলাকালে বিএনপি-জামায়াত জোট সরকার একজন খুনিকে চাকরিতে পদোন্নতি দিয়েছিল। ১৫ আগস্ট জন্মদিন না হওয়ার পরও শুধু খুনিদের উত্সাহিত করার জন্য বেগম খালেদা জিয়া ওই দিন তাঁর জন্মদিন পালন করেছেন। যাঁরা খুনিদের পুরস্কৃত এবং উত্সাহিত করেছিলেন, তাঁরা হয়তো বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় কষ্ট পেতে পারেন।জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক বেগম জাহানারা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।