এমএলএম প্রতিষ্ঠান সম্পর্কে মোহাম্মদ ফরাসউদ্দিন
তাদের সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেওয়া উচিত
প্রথম আলো: এমএলএম ব্যবসা নিয়ে প্রতারণার অভিযোগ আমাদের দেশে অনেক পুরোনো। সম্প্রতি এ নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি আপনি কীভাবে দেখেন?মোহাম্মদ ফরাসউদ্দিন: সাধারণভাবে যেটা বলব, দায় কিন্তু সাধারণ গ্রাহকেরা এড়াতে পারে না। কারণ, যদি ব্যাংক ১০ শতাংশ সুদ দেয়, আর এমএলএম বা যে নামেই হোক তার নিবন্ধন আছে কি না ঠিক নেই, সে যদি ৩০ শতাংশ সুদ দেয়, যদি বলে এখানে টাকা দিলে কানাডায় ফ্ল্যাট দেব, এটা কি সম্ভব! মানুষ লোভ করছে। লোভে পাপ, পাপে মৃত্যু। বারবার প্রতারিত হচ্ছে। ১৯৯৯ সালে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় বাংলাদেশ ব্যাংক ওই প্রতিষ্ঠানটির যতগুলো অফিস ছিল সব সিল করে সমস্ত নথিপত্র হস্তগত করে। পরে তারা গভর্নরের বিরুদ্ধে আন্দোলন করে। ২০০২ সালের দিকে লোকগুলোর সব সম্পদ কবজায় নেওয়ার আগেই তাদের গ্রেপ্তার করা হলো। তখনই সর্বনাশটা হলো। যখন তাদের গ্রেপ্তার করা হলো ক্ষমতাসীন কিছু লোকজন কারাগারে গিয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে। পানির দামে তাদের সম্পদ কিনে নেয়। তারপর এল যুবক। দেখা গেল, বড় হয়ে যাচ্ছে, এটা করছে, ওটা করছে। আমার প্রশ্ন হলো গ্রাহকেরা কেন যায়?প্রথম আলো: সহজে বড়লোক হওয়ার স্বপ্নে অনেকে এমএলএমের সঙ্গে যুক্ত হচ্ছে। এটা আপনি কীভাবে দেখেন?মোহাম্মদ ফরাসউদ্দিন: এটা হতে পারে না। মানুষ বিবেকহীন হয়ে যায়, লোভে পড়ে। লোভে পাপ, পাপে মৃত্যু। প্রথম আলো: এখন সরকারের কী করা উচিত বলে আপনি মনে করেন?মোহাম্মদ ফরাসউদ্দিন: সমস্ত কাজের জন্য সরকারের ওপর প্রত্যাশা কেন? কোনো ঘটনা ঘটলে কেন আপনারা খবরের কাগজগুলো বলেন যে সরকার দায়ী, বাংলাদেশ ব্যাংক দায়ী। কেন আপনারা বলেন না যে লোকগুলো দেখছে বারবার মানুষ প্রতারিত হচ্ছে, তার পরও তারা কেন যাচ্ছে। এটা লিখলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনারা দাবি করেন, প্রথম আলোর নয় লাখ পাঠক আছে। আপনারা যদি এটা লেখেন তাহলে নয় লাখ লোক এ বিষয়টি জানবে। তারা আরও অনেককে জানাবে। সচেতনতা তৈরি হবে। সরকারের দোষ ধরা সমাজের একটা বাতিক হয়ে গেছে। এখন যেটা ডেসটিনি। আজ থেকে ১০ বছর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, এগুলো হয়েছে এবং হতে থাকবে, যতক্ষণ জনসাধারণ সচেতন না হয়। যতক্ষণ না আমরা সংবাদমাধ্যমের সাহায্যে তথ্য দিয়ে জনগণকে সচেতন না করি।এখন একটা কোম্পানি নিয়ে হইচই পড়েছে। অনেক বড় মাপের কোম্পানি। নব্বইয়ের দশকের চেয়ে বিংশ শতকের প্রথমের দিকে বড় কোম্পানি ছিল। এবারেরটা তার চেয়েও বড়। প্রথম আলো: তাহলে কি সরকারের কিছুই করার নেই?মোহাম্মদ ফরাসউদ্দিন: এখন যেটা করা দরকার, তা হলো তাদের যে সমস্ত সম্পদ আছে সে সম্পদ যাতে সরকারের সংস্থাগুলো হস্তগত করতে পারে সে ব্যবস্থা করা উচিত। এটা যদি করা যায়, তারা পালালেও সম্পদটা থাকল। কারণ, জিনিসটা হলো দায়। সরকার তো নিজের কোষাগার থেকে মানুষের টাকা পরিশোধ করবে না। সেটা উচিতও না। ওরা যে সম্পত্তি করেছে সেটা যাতে সরকারের কোনো সংস্থার কবজায় থাকে সে ব্যবস্থা শিগগির করতে হবে। সরকারেরও এ ব্যাপারে তত্পর হতে হবে।কিন্তু বলা যত সহজ, করা তত কঠিন। এ জন্য দেশের সেরা সেরা আইনজীবীদের এর সঙ্গে যুক্ত করতে হবে। তাঁরা পরামর্শ দেবেন। আর হলো যেটা সরকারকে দোষারোপ না করে সরকারকে পরামর্শ দেওয়া উচিত যে উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে বস্তুনিষ্ঠভাবে তারা এর সমাধান করতে পারে। সাধারণত যেটা হয় মানুষ একজন আরেকজনের মুখে শুনে শুনে এমএলএমে জড়িত হয়। কিন্তু সমস্যা হলে বেশির ভাগ ক্ষেত্রে চেইনের ওপরের পর্যায়ে আর কাউকে খুঁজে পাওয়া যায় না।কিন্তু এ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচজন পরিচালক পদত্যাগ করেছেন। কিছু লোক কিন্তু এখনো আছে। তাঁদের ছায়ার মতো অনুসরণ করে তাঁদের কাছ থেকে সর্বোচ্চ তথ্য সংগ্রহ করে, কোথায় কী আছে, কোন সম্পদ কীভাবে কবজা করা যায়—সে ব্যবস্থা নিতে হবে। তাঁরা যাতে এগুলো নিয়ে পালিয়ে যেতে না পারে।প্রথম আলো: সাধারণ মানুষকে এই লোভের জগত্ থেকে কীভাবে বের করে আনা যায়? মোহাম্মদ ফরাসউদ্দিন: আপনারা অবশ্যই লাভজনক কাজে যাবেন। কিন্তু কার সঙ্গে ব্যবসা করছেন, টাকাটা যে এমএলএম কোম্পানিকে দিয়ে দিচ্ছেন, তার কোনো নিবন্ধন আছে কি না, আমানত নেওয়ার কর্তৃত্ব আছে কি না—তা আগে দেখতে হবে। ব্যাংক দিচ্ছে ১০-১২ শতাংশ লাভ। সেখানে কোনো প্রতিষ্ঠান যদি ৩০ শতাংশ লাভ দেবে বলে, নিশ্চয় এর মধ্যে কোনো ফাঁক আছে। এটা স্বাভাবিক পদক্ষেপ নয়। সংবাদমাধ্যমকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সতর্কীকরণের একটা সীমাবদ্ধতা আছে। সরকারের যেকোনো সংস্থা সম্পর্কে মানুষের একটু প্রশ্ন থাকে। কিন্তু খবরের কাগজের ওপর মানুষের বিশ্বাস অত্যন্ত বেশি। এ সুযোগটি কাজে লাগাতে হবে।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মোহাম্মদ ফরাসউদ্দিন: ধন্যবাদ।মোহাম্মদ ফরাসউদ্দিন: অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর