তানজানিয়ায় ভবন ধসে মৃত ১৯, মালিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজানিয়ার রাজধানী দার এস সালামে গতকাল শুক্রবার সকালে বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। রয়টার্স জানিয়েছে, ঘটনার জন্য দায়ী অভিযোগে পুলিশ ভবনটির মালিককে গ্রেপ্তার করেছে।সরকারি কর্মকর্তারা আজ শনিবার জানিয়েছেন, নির্মাণাধীন ওই ভবনটি ছিল ১২ তলা। শহরের কেন্দ্রস্থলে কারিয়াকু এলাকায় একটি মসজিদের পাশের ভবনটি ভেঙে পড়লে আশপাশে পার্ক করা অনেক গাড়ি বিধ্বস্ত হয়েছে।রয়টার্স বলছে, নির্মাণ খাত তানজানিয়ার দ্রুত বিকাশমান অর্থনীতির একটি বড় অংশ। শহরের কেন্দ্রস্থলে বিশেষত কারিয়াকুতে অনেক ভবন নির্মাণ করা হচ্ছে। তবে নির্মাণকাজের দ্রুত গতির কারণে কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।দারুস সালাম এলাকার পুলিশপ্রধান সুলাইমান কোভা বলেন, ‘এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটিতে যে ৩৬ জন আটকা পড়েছিলেন, এটা হলো তাঁদের হিসাব।’ তিনি বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আর কাউকে জীবিত পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। তবে আমরা মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি, যাতে সবাইকে যথাযথভাবে দাফন করা যায়।’প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি যখন ধসে পড়ে, তখন শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন। শনিবার সকালে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর সময় বলেছিলেন, দুজন বালককে তখনো খুঁজে পাওয়া যায়নি।তানজানিয়ার প্রেসিডেন্ট জাকাইয়া কিকোয়েতে গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।পুলিশপ্রধান সুলাইমান কোভা বলেন, পুলিশ চারজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ভবনটির মালিকও আছেন। পুলিশ ঠিকাদারকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে, যদিও ঘটনার পর পুলিশ দাবি করেছিল, ঠিকাদারকে তারা আটক করতে সক্ষম হয়েছে।