তানজানিয়ায় আটক ২০ বাংলাদেশি দেশে ফিরলেন
তানজানিয়ায় দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। আজ শুক্রবার সকালে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘদিন পর স্বজনদের দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মোহসিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর চারটা ২০ মিনিটে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা বিমানবন্দরে আসেন। পরে তাঁদের বক্তব্য নেওয়া হয়। তাঁদের জরুরি কিছু সহায়তা দেওয়া হয়।দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে আনিস খান, বিটু মিয়া, আলী নূর, ফারুক হাওলাদার, ওহিদ হাওলাদার, মোহাম্মদ রাসেল, কালা চাঁন, জাহিনুর রহমান, আমানুল হক, ফজলুল হক, বিল্লাল, আবদুল মালেক, আলাউদ্দিন, জামাল হোসেন, আবু নাসের, রমজান মিয়া, শহীদি আহমেদ, মাসুম মিয়া ও কাবিল মিয়া নিজ নিজ বাড়ির উদ্দেশে চলে যান। তবে হেলালউদ্দিন নামের একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি দালাল হিসেবে বাকি ১৯ জনকে ওই দেশে পাঠিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।মোহসিন চৌধুরী জানান, দালালদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে গত বছর এই বাংলাদেশিরা তানজানিয়া পুলিশের হাতে আটক হন। এরপর দীর্ঘদিন ধরে তাঁরা জেলে ছিলেন। দরিদ্র পরিবারগুলো তাঁদের ফেরত আনার খরচ দিতে না পারায় এই বাংলাদেশিদের ফিরে আসার প্রক্রিয়ায় অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বেসরকারি একটি সংস্থা এমজিএইচের আর্থিক সহায়তায় বিএমইটি ও কেনিয়া দূতাবাসের মধ্যস্থতায় এই বাংলাদেশিরা দেশে ফিরে এসেছেন।এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনিস আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার স্বপ্নে বিদেশ গিয়ে আটক হয়ে ওই বাংলাদেশিরা দুঃসহ দিন কাটাচ্ছিল। এ অবস্থা জানতে পেরে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা ওই বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিই। এ কাজ করতে পেরে আমরা আনন্দিত।’২০১১ সালের ১ অক্টোবর আটক ওই বাংলাদেশিদের নিয়ে প্রথম আলোয় ‘অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।