তানজানিয়ায় সামরিক গুদামে বিস্ফোরণ, নিহত ৩২
তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালামে গতকাল বুধবার রাতে সামরিক গুদামে বিস্ফোরণে ৩২ জন নিহত হয়েছে। বিবিসি অনলাইন দেশটির চিফ অব স্টাফ জেনারেল আবদুর রহমান শিম্বোর বরাত দিয়ে এ কথা জানায়। তবে বিস্ফোরণের কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তানজানিয়ার প্রধানমন্ত্রী মিজেনগো পিন্দা আজ বৃহস্পতিবার পার্লামেন্টে জানান, দার এস সালামে বিমানবন্দরের কাছে গংগোলা মবোটোর সামরিক ঘাঁটিতে প্রথমে একটি গুদামে বিস্ফোরণ ঘটে। পরে এটি অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টায় দফায় দফায় বিস্ফোরণ হয়। তিনি পার্লামেন্টে অবহিত করেন, বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়। এর কিছুক্ষণ পরেই সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেলে নিশ্চিতভাবে জানান যে বিস্ফোরণে ৩২ ব্যক্তি নিহত হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে আরও জানান, বিস্ফোরণে আজ সকাল পর্যন্ত ওই সামরিক ঘাঁটির ২৩টি গুদাম, দুটি আবাসিক বাড়ি ও একটি মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়। অন্তত চার হাজার মানুষ জাতীয় স্টেডিয়ামে আশ্রয় নিয়েছেন। পুলিশ একটি উদ্ধার কেন্দ্র স্থাপন করেছে।বিস্ফোরণে পর নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার পরামর্শ দেয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, বিস্ফোরণের পর বিমানবন্দরটি কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হয়।তানজানিয়ায় ২০০৯ সালে আরেকটি সেনা ঘাঁটিতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছিল।