তানজিকা আউট রিয়া ইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপচর্চা বিষয়ক ‘সৌন্দর্য কথা’ অনুষ্ঠানটির উপস্থাপনা এতদিন করছিলেন তানজিকা। সম্প্রতি বাংলাভিশনের প্রচার চলতি এ অনুষ্ঠানটির উপস্থাপনায় পরিবর্তন এসেছে। এখন থেকে অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী ফারজানা রিয়া। এরই মধ্যে রিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটির শুটিংও করা হয়েছে। রিয়া জানিয়েছেন, ‘এর আগে গত রোজার ঈদে বাংলাভিশনে মাসব্যাপী ফ্যাশন বিষয়ক একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। সেটিই ছিল আমার প্রথম কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনা। এবার আবার শুরু করলাম রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার কাজ।’ সৌন্দর্য কথা অনুষ্ঠানটি উপস্থাপনা সম্পর্কে রিয়া বলেন, ‘কাজটি করতে বেশ মজা লাগছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে রূপচর্চা বিষয়ক অনেক অজানা তথ্য জানতে পারছি। বাইরে কোথাও না যেয়েও যে বাসায় বসে রূপচর্চার কাজটি খুব সহজে করা যায়, অনুষ্ঠানটির মাধ্যমে অনেকে তা জানতে পারছেন। তবে মজার ব্যাপার হচ্ছে, জানতে পারলেও আমি নিজে সেটা কাজে লাগাতে পারছি না। কারণ এ ব্যাপারে আমি আসলে খুবই অলস প্রকৃতির একজন মানুষ।’সৌন্দর্য কথা অনুষ্ঠানটি ছাড়া রিয়া এখন টুকটাক নাটকের কাজও করছেন। এ মাসের দশ তারিখে চ্যানেল আইয়ে দেখানো হয়েছে রিয়া অভিনীত নাটক ‘খেলা খেলা সারাবেলা’। কাল বুধবার থেকে শুরু করবেন নতুন আরেকটি নাটকের কাজ। ওয়াহিদ আনামের পরিচালনায় নাটকটির নাম ‘নেকি’। এতে রিয়ার সহশিল্পী হলেন নাঈম। এছাড়া সামনে কাজ শুরু করবেন মোহন খানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের।এদিকে প্রায় তিন বছর দেশের বাইরে থাকার পর স্থায়ীভাবে বাংলাদেশে চলে এসেছেন বলে জানান রিয়া। কিছুদিন বিশ্রামে থাকার পর গত জানুয়ারি থেকে আবারও যোগ দিয়েছেন বাফায় (বুলবুল ললিতকলা একাডেমী) নাচের শিক্ষক হিসেবে। নিয়মিতভাবে নাচ শেখানোর কাজটাও চালিয়ে যাচ্ছেন রিয়া।