তানভীর মাহমুদের গ্রামে মহাসড়ক অবরোধ
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আজ বুধবার দুপুরে স্থানীয় কয়েক হাজার মানুষ মহাসড়কে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করে। হলমার্ক গ্রুপের অধীন ৮০টি প্রতিষ্ঠানকে ভুয়া হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে আশুগঞ্জ উপজেলাবাসী ব্যানারে তারা এই কর্মসূচি পালন করে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় লোকজন আশুগঞ্জের গোলচত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। বেলা পৌনে একটার দিকে তারা ব্যানার, ফেস্টুনসহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। একটার দিকে মানববন্ধন শেষ হওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।মানববন্ধনে আসা ব্যক্তিরা বলেন, এই প্রতিষ্ঠানের অধীনে কর্মরত প্রায় ৪০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এর প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমেছেন।তারুয়া গ্রামের জহুরা বেগম (৫০) অভিযোগ করেন, ‘আমরার তফসিররে (তানভীর) সরকার ফাঁসায় দিছে।’আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস প্রথম আলো ডটকমকে বলেন, স্থানীয় লোকজনের এই কর্মসূচির কথা আগে থেকে জানা ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানায় পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।