তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘১৯৭১’
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর তানভীর মোকাম্মেল তৈরি করলেন মেগা-প্রামাণ্যচিত্র ১৯৭১। নির্মাতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটি তৈরির কাজ শেষ হয়েছে। এর গবেষণা এবং শুটিংয়ের জন্য সময় লেগেছে প্রায় সাত বছর। ছবিটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, আবহসংগীত পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু ও সহকারী পরিচালক উত্তম গুহ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস সূত্রে জানা গেছে, ১৯৭১ প্রামাণ্যচিত্রটির জন্য মোট আড়াই শ ঘণ্টা ফুটেজ শুট করা হয়। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল ও কুষ্টিয়া এবং ভারতের কলকাতা, দিল্লি ও যেসব জায়গায় শরণার্থী শিবির গড়ে উঠেছিল—এমন কিছু জায়গাতেও প্রামাণ্যচিত্রটির শুটিং করা হয়। এ ছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফিল্ম আর্কাইভ এবং অন্যান্য উৎস থেকে প্রামাণ্যচিত্রটির জন্য বেশ কিছু দুষ্প্রাপ্য ফুটেজ সংগ্রহ করা হয়। প্রামাণ্যচিত্রটির জন্য ১৭৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ছাত্রনেতা, সেক্টর কমান্ডার, গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ, ধর্ষিত নারী, শরণার্থী শিবিরে থাকা মানুষ ও প্রত্যক্ষদর্শী।জানা গেছে, ১৯৭১ প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য চার ঘণ্টা। আর প্রামাণ্যচিত্রটি মুক্তি দেওয়া হবে ডিসেম্বর মাসে।