তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’ বৈশাখী টিভিতে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর তানভীর মোকাম্মেল তৈরি করেছেন চার ঘণ্টার তথ্যচিত্র ১৯৭১। ১৬ ও ১৭ ডিসেম্বর বৈশাখী টিভিতে দুই পর্বে দেখানো হবে তথ্যচিত্রটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো আই ফিল্মস সূত্রে জানা গেছে, এই তথ্যচিত্রের জন্য তানভীর মোকাম্মেল প্রায় সাত বছর ধরে কাজ করেছেন। এই সময়ে তিনি মোট আড়াই শ ঘণ্টা ফুটেজ শুট করেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতের কলকাতা, দিল্লি ও যেসব জায়গায় শরণার্থী শিবির গড়ে উঠেছিল—এমন কিছু এলাকায় তথ্যচিত্রটির শুটিং করা হয়। এ ছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফিল্ম আর্কাইভ ও উৎস থেকে প্রামাণ্যচিত্রটির জন্য বেশ কিছু দুষ্প্রাপ্য ফুটেজ সংগ্রহ করা হয়। সাক্ষাৎকার গ্রহণ করা হয় ১৭৬ জনের। তথ্যচিত্রটির চিত্রগ্রহণ করেছেন আনোয়ার হোসেন। গবেষণার পাশাপাশি চার ঘণ্টার এ তথ্যচিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।